কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান
ছবি: আমার দেশ

অক্ষয় পুণ্যলাভের আশায় পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢল নেমেছে হাজারো সনাতন ধর্মাবলম্বীর।

সোমবার (২০ এপ্রিল) ভোরে হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের এই বিশেষ ‘অক্ষয় তৃতীয়া’ তিথিতে ধর্মীয় আচার ও উৎসবমুখর পরিবেশে গঙ্গা স্নানে অংশ নেন ভক্তরা।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুরু হয় ভোর ৫টা থেকে। সকাল ১০টায় মূল আকর্ষণ হিসেবে সৈকতে কয়েক হাজার পুণ্যার্থী সমবেত হয়ে সমুদ্রস্নানে অংশ নেন। স্নান শেষে অনেককেই সৈকতে বসে পরিবার নিয়ে গীতা পাঠ ও বিশেষ প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, অক্ষয় তৃতীয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। তাদের বিশ্বাস বিশ্বাস এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল, বেদব্যাস ও গণেশ এই তিথিতেই মহাভারত রচনা শুরু করেন এবং এদিন সত্যযুগের অবসান হয়ে ত্রেতাযুগের সূচনা হয়েছিল।

পিরোজপুর থেকে আসা গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, ‘অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য অর্জিত হয়। এতে জীবনের দুঃখ-কষ্ট দূর হয়ে সুখ-সমৃদ্ধি আসে—এই বিশ্বাস থেকেই আমরা প্রতি বছর এখানে ছুটে আসি।’

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে ও রতন জ্যোতি দাস ব্রহ্মচারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী।

এছাড়াও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, নলছিটির সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও সাধু-সন্ন্যাসীরা অংশ নেন।

ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন বলেন, প্রতি বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগত ভক্তদের নিরাপত্তা ও থাকার সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...