ভারতের প্রেসক্রিপশনে মাদ্রাসা শিক্ষা ধ্বংস করা হয়েছে

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ভারতের প্রেসক্রিপশনে মাদ্রাসা শিক্ষা ধ্বংস করা হয়েছে

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও পটিয়া শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার সহসভাপতি আলহাজ ইদ্রিস মিয়া বলেছেন, ভারতের প্রেসক্রিপশনে দেশের মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিগত সময়ে মাদ্রাসা শিক্ষাকে মেরুদণ্ডহীন ও অবহেলিত করে রাখা হয়েছিল।

পটিয়া পৌর সদরের শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসায় ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) শিক্ষার্থীদের বিদায়ি অনুষ্ঠানে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইদ্রিস মিয়া বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অঙ্গীকার—মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র মেরামত করা—তার প্রভাব ইতোমধ্যে আপনারা টের পেয়েছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, কৃষি কার্ডও পৌঁছে দেওয়া হচ্ছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, আমরা মনে করি মাদ্রাসা শিক্ষাকে প্রাধান্য দিয়ে সরকার শিক্ষার মানোন্নয়নে আরও বেশি কাজ করবে।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিসিএস পরীক্ষাসহ সরকারি বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে হবে এবং দেশের সেবায় নিয়োজিত হওয়ার শপথ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) নোমান মোহাম্মদ বলেন, জীবনে অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো কিছু বলতে বা করতে চাইলে অবস্থানে থাকলে তা বলা বা করা যায়। তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের গড়ে তুলে ভালো অবস্থানে পৌঁছানো। নিজেকে যেকোনো নির্দিষ্ট বিষয়ে পারদর্শী করে তোলা এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে এবং বিদায়ি শিক্ষার্থী সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) নোমান মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মুখতার আহমদ। এ সময় আরও বক্তব্য দেন অভিভাবক সদস্য এস এম বোরহান উদ্দীন, মাদ্রাসার শাইখুল হাদিস শহিদুল হক হোসাইনি, সহকারী অধ্যাপক সাদিকুর রহমান, সিরাজুল ইসলাম, হামিদুল হক এবং বিদায়ি শিক্ষার্থী আমিনুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন