মাছ ধরার ট্রলারে মিললো ১৫ কোটি টাকার ইয়াবা, ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৯

চট্টগ্রাম ব্যুরো

মাছ ধরার ট্রলারে মিললো ১৫ কোটি টাকার ইয়াবা, ৫ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৯

চট্টগ্রামের পতেঙ্গায় মাছ ধরার ট্রলারে র‌্যাবের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।

বিজ্ঞাপন

র‌্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটযোগে মাদকের একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে নয়টায় নগরীর পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। কিন্তু র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে কয়েকজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

পরবর্তীতে ট্রলারের ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূ্ল্য ১৫ কোটি টাকা। একইসাথে নয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৫ জন রোহিঙ্গা এবং ৪ জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। তারা হলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০) এবং মো. ইসমাইল (৪০)। তারা সবাই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। আর মহেশখালীর শাহ আলম (৩৫), টেকনাফের আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) এবং ছানাউল্লাহ (৫৭)। তারা কক্সবাজারের বাসিন্দা।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে আসছিল। বেশি মুনাফার আশায় তারা সাগরপথে মাছ ধরার ট্রলার ব্যবহার করে এসব মাদক চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতো। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন