কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে উখিয়ার বালুখালীস্থ এফডিএমএন ক্যাম্প-৮/ইস্টের ব্লক-বি/১৮ এলাকায় পানবাজার পুলিশ ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকার রোহিঙ্গা শরণার্থী মো. ইলিয়াসের বসতঘরে ইয়াবা বেচাকেনা হচ্ছে বলে তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভোর ৩টা ১০ মিনিটে ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি কালো পলিথিনের ভেতরে থাকা লকযুক্ত নীল পলিপ্যাক থেকে ১০ হাজার পিস অ্যামফিটামিন-জাতীয় ইয়াবাসদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. ইলিয়াস উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-বি/১৮ এর বাসিন্দা নুর আমিনের ছেলে।
এ বিষয়ে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে। গ্রেপ্তরকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

