কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, ‘কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও সিন্ডিকেটের কারণে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ উচ্চমূল্যে কিনতে হচ্ছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।’
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা এলাকায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, সরকার কৃষকবান্ধব নীতি অনুসরণ করছে এবং দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। কৃষি খাত শক্তিশালী হলে দেশের অর্থনীতিও স্থায়ীভাবে শক্তিশালী হবে।
তিনি আরও জানান, কৃষকদের সহায়তায় সরকার কৃষি কার্ড চালু করেছে, যার মাধ্যমে ভর্তুকি ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের কল্যাণে এসব উদ্যোগ গ্রহণ করেছেন।
এ সময় মন্ত্রী ঘোষণা দেন, অঞ্চলের অন্যতম বৃহৎ নিমসার সবজি বাজারে দ্রুত একটি আধুনিক সবজি সংরক্ষণাগার নির্মাণ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে ন্যায্য মূল্যে বিক্রির সুযোগ পাবেন এবং স্থানীয় কৃষি আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ জসিম উদ্দিন।
বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন,
সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, আবু নাসের মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিপু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

