নতুন পন্টুনে মরিচা, পুরোনো পন্টুনে জোড়াতালি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অব্যবস্থাপনা প্রকট

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অব্যবস্থাপনা প্রকট
ছবি: আমার দেশ

দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে অব্যবস্থাপনার চিত্র যেন দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে নতুন ক্রয় করা পন্টুন পড়ে থেকে মরিচা-জং ধরছে, অন্যদিকে পুরোনো পন্টুনে জোড়াতালির মাধ্যমে চালানো হচ্ছে ফেরিঘাট—এরই মধ্যে বন্ধ রয়েছে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট।

সোমবার (২০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরিঘাটের মধ্যে সচল রয়েছে মাত্র ২টি। ৭ নম্বর ঘাটটি গত এক সপ্তাহ অধিক সময় ধরে পন্টুন মেরামতের জন্য বন্ধ রয়েছে। ঘাটটিতে ভাসমান কারখানার মাধ্যমে সংস্কার কাজ চললেও ধীরগতির কারণে দ্রুত চালুর সম্ভাবনা অনিশ্চিত।

বিজ্ঞাপন

এদিকে ঘাট এলাকায় নতুন নির্মিত কয়েকটি পন্টুন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেগুলোতে ইতিমধ্যে মরিচা-জং ধরতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার এসব পন্টুন যথাসময়ে ব্যবহার না করায় তা নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে পুরোনো পন্টুনে ঝুঁকি নিয়েই চালানো হচ্ছে ফেরি কার্যক্রম।

এর আগে গত ২৫ মার্চ ৩ নম্বর ফেরিঘাটে একটি বাসডুবির ঘটনার পর সাময়িকভাবে ঘাটটি বন্ধ হয়ে গেলে তীব্র দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সে সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেই ঘটনার পরও ঘাট ব্যবস্থাপনায় দৃশ্যমান কোনো পরিবর্তন না আসায় ক্ষোভ বাড়ছে ব্যবহারকারীদের মধ্যে।

বর্তমানে মাত্র দুটি ঘাট সচল থাকায় পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বৃদ্ধি ও সময় অপচয় দুটোই বাড়ছে।

যানবাহন চালক ও যাত্রীদের দাবি, অন্তত চারটি ফেরিঘাট সব সময় সচল রাখা জরুরি। একটি ঘাটে সমস্যা দেখা দিলে বিকল্প হিসাবে আরও ৩টি ঘাট অন্তত চালু থাকলে দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন আবদুল্লাহ আল মামুন আমার দেশকে বলেন, ১২ এপ্রিল থেকে পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে তবে ঘাটের এক সাইট দিয়ে মাঝে মধ্যে যানবাহন পারাপার করা হয়েছে কিছু কিছু সময় কাজের সুবিধার্থে পুরোপুরি বন্ধও রাখা হয়েছিল। তিন আরও জানান ঘাটটি খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন আমার দেশকে বলেন, ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন মেরামতের কাজ চলায় ঘাটটি বন্ধ থাকলেও আপাতত সড়কে যানবাহন কোম থাকায় দুটি ঘাট দিয়েই যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ঘাট আধুনিকায়নে নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত না হলে ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ নৌরুটে সংকট আরও বাড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...