কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন কাল

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রধানমন্ত্রীর সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব
ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে টাঙ্গাইলে সাজ সাজ রব বিরাজ করছে। তার আগমনের খবরে এ জেলাসহ আশপাশের জেলাগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। প্রধানমন্ত্রী আগামীকাল পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনের খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন তারা। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শোভাবর্ধনের কাজ। স্টেডিয়ামে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরি জানান, টাঙ্গাইলের প্রবেশদ্বার মির্জাপুর উপজেলার গোড়াই থেকে শহর বাইপাস পর্যন্ত ৪০ কিলোমিটার ফোর লেন সড়কের সংস্কার করা হয়েছে। এছাড়া পুরাতন বাস টার্মিনাল থেকে সন্তোষের মওলানা ভাসানীর মাজার পর্যন্ত সংস্কার করা হয়েছে।

টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের জেলা সদর এলাকা, পার্ক বাজার ও স্টেডিয়াম এলাকার সড়কগুলো মেরামত ও চাকচিক্যের কাজ শেষ হয়েছে।

নিরপত্তা নিয়ে প্রশাসনের সঙ্গে স্পেশাল সিকিউরিটি ফোর্সের দফায় দফায় বৈঠক হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা।

পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে মওলানা ভাসানীর স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এ কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন