জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

শওকত জামান, জামালপুর

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

জামালপুরে গড়ে উঠেছে দরিদ্র শিক্ষার্থীদের জন্য অনন্য আলোকবর্তিকা ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন ও পাঠাগার। ভাষাসৈনিক আক্তারুজ্জামান মতি মিয়ার স্বরণে তারই ছেলে আশরাফুজ্জামান স্বাধীন নিজস্ব জায়গা ও অর্থায়নে ২০১৩ সালে এটি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর তিনি গড়ে তোলেন এ জ্ঞানচর্চার কেন্দ্র, যার লক্ষ্য আলোকিত মানুষ তৈরি করা।

নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের সঙ্গে পরিচিত করতে ফাউন্ডেশনটি বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। জামালপুরে ভাষা আন্দোলনভিত্তিক বই প্রকাশ, শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, গান, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির মতো সৃজনশীল কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করে প্রতিষ্ঠানটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফাউন্ডেশনটি। এছাড়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছ বিতরণের মতো সামাজিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে তারা।

পাঠাগারটিতে বর্তমানে দুই হাজারেরও বেশি বই রয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, বিশ্বখ্যাত মনীষী, সমাজ সংস্কারক, রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামসহ বিভিন্ন কবি-সাহিত্যিকের রচনাসম্ভার এখানে সংরক্ষিত। এছাড়া অভিধান, গল্প, উপন্যাস ও শিশুতোষ বইয়ের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখানে এসে বই পড়ে। নিবন্ধনের মাধ্যমে বাড়ি নিয়ে বই পড়ার সুবিধাও রয়েছে।

শিক্ষাবিদদের মতে, সৃজনশীল জাতি গঠনে এ ধরনের পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাঠাগারের পরিচালক আশরাফুজ্জামান স্বাধীন জানান, ভাষা আন্দোলনই বাঙালির স্বাধীনতা সংগ্রামের প্রেরণা। ভাষা আন্দোলনের চেতনা থেকেই মুক্তিযুদ্ধের জন্ম। তিনি বলেন, ভাষা সংগ্রামীদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সে আদর্শকে সামনে রেখেই আমরা এ ফাউন্ডেশন গড়ে তুলেছি। আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ করা এবং তাদের সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।

তিনি আরো বলেন, মানুষকে আলোকিত করতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বই। তাই আমরা চাই শিক্ষার্থীরা বই পড়ার মাধ্যমে জ্ঞানার্জন করুক এবং আলোকিত মানুষ হয়ে উঠুক। স্বপ্নবাজ এ উদ্যোগের মাধ্যমে ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনের লক্ষ্যে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...