ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় ছেলেকে ভেজাল দুধ তৈরির উপাদান বিক্রিতে সহায়তা করার অপরাধে মা খুশি খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান ছেলে জিসান।

বিজ্ঞাপন

বুধবার রাত ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় থানার ওসি ( তদন্ত) মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অর্থদণ্ড প্রাপ্ত খুশি খাতুন ওই গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

অভিযানে ওই বাড়ি থেকে নকল দুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ৬০০ লিটার ভেজাল জেলি, ১২০০ লিটার সরবিটল, ৬০০ লিটার সয়াবিন তেল ও ৪০০ লিটার পামওয়েল জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত জেলি ও সরবিটলগুলো ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান আমার দেশকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল দুধ তৈরির উপাদান জেলি ও অরবিটল ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দকৃত সয়াবিন তেল ও পামওয়েল নিলামে বিক্রির মাধ্যমে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...