নীরিক্ষার আওতায় আসছে ৬০ হাজার করদাতার আয়কর রিটার্ন

স্টাফ রিপোর্টার

নীরিক্ষার আওতায় আসছে ৬০ হাজার করদাতার আয়কর রিটার্ন

নীরিক্ষার আওতায় আসছে ৬০ হাজার আয়কর দাতার আয়কর রিটার্ন। ২০২৩-২০২৪, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ আয়কর বর্ষে যে সব করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন তাদের মধ্য থেকে এদের বাছাই করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।

আজ সোমবার বিকালে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের (ফিকি) সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, রিস্ক বেইজড ভিত্তিতে এসব আয়করদাতার রিটার্ন অডিটের জন্য বাছাই করা হবে। অডিট বাছাই নিয়ে অতীতে অনেক অভিযোগ ছিল। সে কারণে আমি এনবিআরে যোগ দেওয়ার পর ম্যানুয়াল পদ্ধতিতে অডিট বাছাই বন্ধ করে রেখেছিলাম। যতক্ষণ পর্যন্ত আমরা রিটার্ন অনলাইন বেইজড করতে পারবো না ততদিন পর্যন্ত এটা বন্ধ রাখার কথা বলেছি। এখন আমরা অনলাইন করার পর অডিট চালু করেছি। ইতোমধ্যে ভ্যাটের ক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিট সিলেকশন করা হয়েছে বলেও জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি করবর্ষে (২০২৫-২৬) আমরা অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করেছি (অবশ্য পাঁচ শ্রেণির করদাতাকে এ ধরনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে), গত করবর্ষে কিছু করদাতার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল। আর এর আগের করবর্ষে ম্যানুয়াল পদ্ধতিতে অনলাইন রিটার্ন জমা দিয়েছিলেন করদাতারা। এখন এসব রিটার্ন অনলাইনে দাখিল করা হয়েছে। ফলে কোন ধরনের মানবীয় ইচ্ছার মাধ্যমে অডিট যাচাই করা হচ্ছে না।

উল্লেখ্য, স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে এনবিআর। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে।

অডিটের জন্য প্রতিষ্ঠান নির্বাচনের এ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনাকে করদাতাবান্ধব করার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধ করাও সম্ভব হবে বলে মনে করছে এনবিআর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন