সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিত

সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিত

দেশীয় বস্ত্রকলের সুরক্ষায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন (তুলা) সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ওই আদেশ স্থগিত করে তা অধিকতর পর্যালোচনার অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-৮ শাখা থেকে এনবিআরকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের জারি করা আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার কথা বলা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান (রপ্তানি-৮ শাখা) মোহাম্মদ খায়রুল আলমের সই করা চিঠিটি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এনবিআরের কাস্টমস রপ্তানি ও বন্ড শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামানের।

বিজ্ঞাপন

চিঠিতে বলা হয়, ‌‘বাংলাদেশ কাস্টমস ট্যারিফের এইচএস হেডিং ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭ এর আওতায় ১০ থেকে ৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানি-সংক্রান্ত আদেশটি অধিকতর পর্যালোচনার জন্য স্থগিত করার অনুরোধ করা হলো।’

এর আগে গত ৭ সেপ্টেম্বর এনবিআরের ওই আদেশে বলা হয়, গত ২০ আগস্ট বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দাখিলের মাধ্যমে আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করার লক্ষ্যে বন্ড সুবিধা প্রত্যাহার করে ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকদের নির্দিষ্ট শর্তে কটন সুতা আমদানির সুযোগ দেওয়া হয়।

শর্তগুলোর মধ্যে ছিল বিজিএমইএ, বিকেএমইএ বা বিটিএমএর প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনে দাখিল করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন