বেজা ও বিআইডব্লিউটিএর জেটি নির্মাণ চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার

বেজা ও বিআইডব্লিউটিএর জেটি নির্মাণ চুক্তি স্বাক্ষর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কার্যালয়ে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে বেজা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে জেটি নির্মাণ, পরিচালনা এবং রাজস্ব বণ্টনের কাজ এগিয়ে নেবে।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) এবং কক্সবাজারের টেকনাফে সাবরাং ট্যুরিজম পার্কে জেটিসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে। ইতোমধ্যে এসব প্রকল্পের জন্য যথাক্রমে ৬.১৮ একর এবং ৫ একর জমি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বেজার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নির্বাহী বোর্ডের সচিব ড. জুলিয়া মঈন এবং বিআইডব্লিউটিএর পক্ষে পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলাম।

প্রকল্পটি ‘চট্টগ্রামের মীরসরাই ও সন্দ্বীপ এবং কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ ও টেকনাফ এলাকায় জেটিসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক উদ্যোগের অংশ। নির্মাণ শেষে জেটি থেকে অর্জিত নিট মুনাফা বেজা ও বিআইডব্লিউটিএর মধ্যে ৪৫:৫৫ অনুপাতে ভাগ করা হবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, সাবরাং ট্যুরিজম পার্কে নির্মিত জেটি পর্যটকদের কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মীরসরাইয়ের এনএসইজেডে বিনিয়োগকারীদের জন্য আধুনিক ও দীর্ঘমেয়াদি নৌ-সুবিধা নিশ্চিত করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজা ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে দেশের শিল্প ও পর্যটন খাতে একটি “মাইলফলক” হিসেবে উল্লেখ করেন।

বেজার কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে এনএসইজেড একটি স্বয়ংসম্পূর্ণ শিল্পাঞ্চলে রূপ নেবে এবং সাবরাং ট্যুরিজম পার্কে নতুন পর্যটন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অন্যদিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন