রাজধানীর পল্লবীতে নিরাপত্তা প্রহরীকে হত্যার ঘটনায় এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তার নাম অটোরিকশা চালক সাগর শেখ বাবু (৩৭)।
শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁও পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন সাগর শেখ বাবু। পূর্বানুমতি ছাড়া আবাসিক এলাকায় প্রবেশ করা যাবে না মর্মে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন। এনিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক সাগর শেখ বাবু বৃদ্ধ প্রহরীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি মারেন। তাতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান প্রহরী সালাহউদ্দিন। পালিয়ে যান অটোরিকশা চালক সাগর শেখ বাবু। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে কলাবাগান গ্রিন রোডের ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরেরদিন বিকেল ৩টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ১৭। স্ব-উদ্যোগে মামলার ছায়া তদন্ত শুরু করছিল পিবিআই ঢাকা মেট্রো উত্তর।
নিরাপত্তাকর্মী সালাহউদ্দিনকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দিগ্ধ ঘাতক অটোরিকশা চালক সাগর শেখ বাবুকে শনাক্ত করে গত শুক্রবার ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাগর শেখ বাবুর দেওয়া তথ্যের ভিত্তিকে তার ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

