২ লাখ টাকায় কেনা অস্ত্র দিয়ে হাদিকে গুলি করে ফয়সাল

স্টাফ রিপোর্টার

২ লাখ টাকায় কেনা অস্ত্র দিয়ে হাদিকে গুলি করে ফয়সাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি প্রায় ২ লাখ টাকায় কেনা হয়। বিক্রির পর অস্ত্রটি একের পর এক হাত ঘুরে শেষ পর্যন্ত পৌঁছায় কিলিং মিশনের দায়িত্বে থাকা মূল অভিযুক্ত শুটার ফয়সালের কাছে। পিস্তলটির ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে অস্ত্রটি দিয়ে হাদিকে গুলি করেছিল ফয়সাল।

হত্যায় ব্যবহৃত পিস্তলটি নরসিংদী থেকে উদ্ধারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় জড়িত মাজেদুল হক হেলাল নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ঘটনায় জড়িত অপর দুই গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীকে শনাক্তে চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তসংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে গত মঙ্গলবার আসামি হেলালকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার করা পিস্তলটি তুরস্ক থেকে ঢাকার এম আইচ আর্মস কোং আমদানি করে। পরে ২০১৭ সালের ৩ ডিসেম্বর স্থানীয় ডিলার চকবাজারের ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের কাছে সেটি বিক্রি করা হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্স পিস্তলটি চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং-এর কাছে বিক্রি করে। তদন্তে জানা গেছে, এই প্রতিষ্ঠানের মালিক গ্রেফতার আসামি মাজেদুল হক হেলাল। অস্ত্রের লাইসেন্সটি আগে তার বাবা হামিদুল হকের নামে ছিল, যা ২০০০ সালে নিজের নামে করে নেন তিনি। তবে লাইসেন্সটির মেয়াদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা থাকলেও এরপর আর নবায়ন করা হয়নি। নবায়ন না করেই অবৈধভাবে অস্ত্রটি কেনাবেচা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভূঁইয়া জানান, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (পিস্তল) নরসিংদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তিনি বলেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র এবং ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজ ও বুলেট ফরেনসিক পরীক্ষায় মিলিয়ে দেখা হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, একই পিস্তল থেকেই ঘটনাস্থলে উদ্ধার হওয়া কার্তুজ ও বুলেট ফায়ার করা হয়েছে। এছাড়া মাইক্রো অ্যানালাইসিসের মাধ্যমে পিস্তলটির সিরিয়াল নম্বরও শনাক্ত করা সম্ভব হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, অস্ত্রটি কীভাবে মো. মাজেদুল হক হেলালের কাছ থেকে আসামিদের হাতে পৌঁছেছে, সে বিষয়ে তথ্য পেতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি জিজ্ঞাসাবাদে একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। আরও জিজ্ঞাসাবাদ করলে অস্ত্রটি কার কার কাছে বিক্রি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করছি।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর গণসংযোগ শেষে ফেরার পথে বিজয়নগরে চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন মোটরসাইকেলে থাকা আততায়ীরা। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর বরণ করেন।

হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে চলতি বছরের ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন- প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, তার বাবা মো. হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো. কবির, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু ও হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল, মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ ও জেসমিন আক্তার। এদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন পলাতক রয়েছেন।

তবে অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে গত ১৫ জানুয়ারি ডিবি পুলিশের দেওয়া চার্জশীটে ওপর নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। পরে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয় আদালত।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন