জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দির মারজিন এ তথ্য নিশ্চিত করেন।
গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।
আদালতে শুনানিতে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর জামাল উদ্দির মারজিন। অপরদিকে, আসামির পক্ষে অ্যাডভোকেট কামাল হোসেন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থণা করেছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডে নেয়ার ওই আদেশ দেন আদালত।
মামলার সূত্র জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

