ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন বিএনপির দলীয় অবস্থানের সমালোচনা করে পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, জুলাইয়ের অঙ্গীকারের বিরোধিতা এবং সংস্কার ইস্যুতে দলটির প্রশ্নবিদ্ধ ভূমিকা তাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
শেখ শোভন ঢাবির আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ছাত্রদল নেতা ফজলুর রহমান খোকনের অনুসারী ছিলেন।
ফেসবুক পোস্টে শেখ শোভন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে লেখেন, রাষ্ট্র আজ এক সংকটময় সময় অতিক্রম করছে, যেখানে অতীতের আন্দোলন-সংগ্রামের চেতনা উপেক্ষিত হচ্ছে এবং শহীদদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা পাচ্ছে না। ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের দ্বন্দ্বে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, অতীতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে জাতিকে রক্ষা করা সম্ভব হলেও বর্তমানে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। এই প্রেক্ষাপটে তিনি বিএনপির নীতি ও কার্যক্রমের সঙ্গে নিজের আদর্শগত অবস্থানের অসামঞ্জস্যের কথা উল্লেখ করে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
শেখ শোভন তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস চলতে পারে না। তিনি ভবিষ্যতেও দেশের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে প্রয়োজনে আন্দোলনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন, সংস্কার ইস্যুতে বিএনপি ও জামায়াতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়া জুলাইয়ের অঙ্গীকারের বিরোধিতা করে দলটি একটি প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করেছে, যা তার হতাশার প্রধান কারণ।
তিনি জানান, প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের সময় নানা প্রতিকূলতা ও নির্যাতন সহ্য করে রাজনীতি চালিয়ে গেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলটির অবস্থান জনগণবিরোধী হয়ে উঠেছে বলে মনে হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

