সংগ্রামী আতরবিবির গল্পে আসছে ‘আতরবিবি লেন’

বিনোদন রিপোর্টার

সংগ্রামী আতরবিবির গল্পে আসছে ‘আতরবিবি লেন’

সংগ্রামী নারীর গল্পে আসছে ‘আতরবিবি লেন।’ সিনেমাটা নির্মাণ করেছেন মিজানুর রহমান লাবু। তাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারজানা সুমি, মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমনসহ আরো অনেকে।

সিনেমার চিত্রনাট্য নিয়ে নির্মাতা লাবুর ভাষ্য, সমাজের প্রান্তিক নারীর কঠিন বাস্তবতার গল্প উঠে এসেছে এ সিনেমায়। আতরবিবি নামের এক নারীর গল্পে এগিয়ে যাবে সিনেমাটি, যিনি সাধারণ জীবনের স্বপ্ন দেখেন, কিন্তু তিনি বারবার প্রতারিত হন সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের কাছে। প্রতিকূলতার বিরুদ্ধে তার লড়াই এবং টিকে থাকার লড়াইয়ের গল্প দেখানো হবে সিনেমায়।

বিজ্ঞাপন

‘আতরবিবি’ চরিত্রে অভিনয় করা সুমি বলেন, আতরবিবি চরিত্রে অভিনয় এক ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে। চরিত্রটিকে বাস্তবভাবে তুলে ধরতে আমাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে শুটিং করেছি। সিনেমাটি দেখার পর দর্শকদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে।

গত সপ্তাহে সিনেমার প্রথম গান প্রকাশিত হয়েছে। ‘তোরই মায়ায়’ শিরোনামের এই রোমান্টিক গানটি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অনলাইনে অবমুক্ত করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের জনপ্রিয় শিল্পী আকাশ মাহমুদ ও বন্যা তালুকদার। জাকির মাস্টারের কথায় আধুনিক ফোক এবং রোমান্টিক ঘরানার সংমিশ্রণে তৈরি এই গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। রোহান বেল্লালের কোরিওগ্রাফিতে গানটিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ফারজানা সুমী ও নবাগত মোস্তফা প্রকাশ।

দৃষ্টিনন্দন লোকেশনে ধারণকৃত এই গানে দুই তারকার সাবলীল উপস্থিতি একটি সরল ও সুন্দর প্রেমের গল্প ফুটে উঠেছে। নির্মাতা মিজানুর রহমান লাবু বলেন, গানটি চলচ্চিত্রের মূল গল্প ও আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মাণ করা হয়েছে। আমরা চেয়েছি দর্শক যেন মাটির ঘ্রাণ এবং আধুনিক সুরের একটি দারুণ সমন্বয় পায়। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...