দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষের জীবনের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে জুটি বেঁধেছেন সংগীতাঙ্গনের দুই শিল্পী জেফার রহমান ও প্রীতম হাসান। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে প্রচার হবে সিনেমাটি।
বিজ্ঞপ্তিতে বিঞ্জ জানিয়েছে, শিহাব শাহীনের পরিচালনায় ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জেফার ও প্রীতম। নববর্ষ ঘিরে প্রচার হবে ‘তুমি আমি শুধু’। সিনেমার চিত্রনাট্যে দেখাবে, এক গ্রাহকের কাছে ভুল খাবার দিতে গিয়ে কীভাবে বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন।
গল্পে প্রীতমকে দেখা যাবে আবেগপ্রবণ, তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এক ব্যক্তি হিসেবে। যিনি বিশ্বাস করেন যে, ঘটনার পেছনে কোনো কারণ থাকে। অন্যদিকে বাস্তববাদীর চরিত্র নিয়ে হাজির হবেন জেফার।
তিনি চলেন যুক্তিবোধ ও কারণ দিয়ে। দুই তরুণ-তরুণী হঠাৎ করে দেখা হওয়া কি কেবলই কাকতালীয়, নাকি নিয়তির অদৃশ্য টান, সে গল্পে এগিয়ে যাবে সিনেমাটি।
‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্ম নিয়ে পরিচালক শিহাব বলেন, ‘ভালোবাসার নতুন এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গল্পের বিষয়বস্তু যেমন আনকোরা, তেমনি এতে আছে আধুনিকতার ছোঁয়া। প্রতিটি চরিত্রে পাওয়া যাবে চেনা মুখের ছায়া। তুমি আমি শুধু অনেকের মনে ছাপ ফেলবে বলেই আমাদের বিশ্বাস।’
দুই সংগীতশিল্পীকে জুটি করে সিনেমা নির্মাণের কারণ কী প্রশ্নের উত্তরে শিহাব বলেন, ‘সংগীত তারকা হিসেবে তারা জনপ্রিয়তা পেলেও অভিনয় রপ্ত করে নিতে পেরেছেন। প্রীতম ও জেফার দুজনেই তার প্রমাণ দিয়েছেন আমার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ও ‘মাইশেফল অ্যালেন স্বপন-২’-এ অভিনয়ের মাধ্যমে। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তার কাজের বিষয়ে খুব সচেতন। এ জুটিকে নিয়ে আমি আশাবাদী।’
অভিনেতা প্রীতম বলেন, ‘শিহাব শাহীনের গল্প উপস্থাপনের নিজস্ব একটি ভঙ্গি আছে, যা সহজেই দর্শক মনে নাড়া দেয়। তার সঙ্গে কাজ করে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। আশা করছি, ‘তুমি আমি শুধু’ সিনেমায় দর্শক নতুন গল্প এবং নতুন জুটির পাশাপাশি নির্মাণেও এক দক্ষতার ছাপ পাবেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

