বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব পারকিনসন্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিএমইউর বি ব্লক থেকে একটি জনসচেতনামূলক র্যালি বের হয়। র্যালির উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, পারকিনসন্স দিবস আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই রোগের বিষয়ে জনসচেতনা বৃদ্ধি আবশ্যক। আক্রান্ত রোগীদের সচেতন করতে পারলে এবং তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের জীবনযাত্রার মান উন্নত হবে।
উপাচার্য বলেন, তবে পারকিনসন্স রোগের বিষয়ে প্রিভিলেন্স, এই রোগে স্বাস্থ্যখাতে কী ধরনের প্রভাব পড়ছে এবং এই বিষয়ে এপিডেমিওলজিক্যাল সার্ভে করা প্রয়োজন। যাতে জনগোষ্ঠীর মধ্যে কোনো রোগ বা বৈশিষ্টে আক্রান্ত মানুষের অনুপাত জানা যায়। তাদের রোগ, স্বাস্থ্যগত অবস্থা ও ঝুঁকির কারণগুলো খুঁজে বের করা যায়; যা রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাসে বিশেষ ভূমিকা রাখবে।
র্যালিতে বিএমইউর নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কনোজ কুমার বর্মন, অধ্যাপক ডা. শেখ মাহাবুব আলম, ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ডা. আনিছ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. কাজী জান্নাত আরা, উপাচার্যের একান্ত সচিব লুৎফর রহমান প্রমুখ অংশ নেন।
র্যালিতে জানানো হয়, পারকিনসন্স রোগের প্রধান কারণ হলো হাত-পা কাঁপা, হাঁটাচলা ধীরগতি, মাংসপেশী শক্ত হওয়া, শরীরের ভারসাম্যহীনতা ইত্যাদি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

