কম্পিউটারে থার্মাল পেস্ট বদলানো কেন জরুরি

আরিফ বিন নজরুল

কম্পিউটারে থার্মাল পেস্ট বদলানো কেন জরুরি

কম্পিউটার হঠাৎ গরম হয়ে যাচ্ছে। ফ্যানের শব্দ বাড়ছে। কাজের গতি কমে যাচ্ছে। এ সমস্যাগুলোর পেছনে অনেক সময় লুকিয়ে থাকে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান : থার্মাল পেস্ট। প্রসেসর (CPU) এবং হিটসিঙ্ক বা কুলারের মাঝখানে থাকা এই পেস্টটি চোখে না পড়লেও কম্পিউটারের পারফরম্যান্সে বড় ভূমিকা রাখে। সময়ের সঙ্গে এটি শুকিয়ে গেলে বা কার্যকারিতা হারালে পুরো সিস্টেমই ধীর হয়ে যেতে পারে। থার্মাল পেস্টের কাজ খুবই নির্দিষ্টÑপ্রসেসর থেকে উৎপন্ন তাপ দ্রুত হিটসিঙ্কে পৌঁছে দেওয়া। CPU-এর ওপরের অংশ পুরোপুরি মসৃণ নয়। সেখানে অতি ক্ষুদ্র ফাঁক থাকে। এই ফাঁকগুলোয় বাতাস থাকলে তাপ সঠিকভাবে বের হতে পারে না। থার্মাল পেস্ট সেই ফাঁক পূরণ করে তাপ পরিবাহিতা বাড়ায়। ফলে কুলিং সিস্টেম কার্যকরভাবে কাজ করতে পারে এবং প্রসেসরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে।

সমস্যা শুরু হয় যখন এই পেস্টটি পুরোনো হয়ে যায়। দীর্ঘদিন ব্যবহারে থার্মাল পেস্ট শুকিয়ে শক্ত হয়ে যায়। তার তাপ পরিবাহিতা কমে যায়। তখন প্রসেসর দ্রুত গরম হতে শুরু করে। নিরাপত্তার জন্য কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে তার গতি কমিয়ে দেয়। যাকে বলা হয় থার্মাল থ্রটলিং। এর ফলে পারফরম্যান্স কমে যায়। গেমিং বা ভারী কাজ করতে সমস্যা হয়। এমনকি হঠাৎ কম্পিউটার বন্ধও হয়ে যেতে পারে। অনেক ব্যবহারকারী এ সমস্যাকে ফ্যান বা সফটওয়্যারের সমস্যা মনে করেন। কিন্তু আসল কারণটি থেকে যায় অজানাই। অথচ সময়মতো থার্মাল পেস্ট পরিবর্তন করলে এ সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। সাধারণত এক থেকে দুই বছর পরপর থার্মাল পেস্ট বদলানো ভালো। বিশেষ করে, যদি কম্পিউটার নিয়মিত ভারী কাজে ব্যবহার করা হয়।

বিজ্ঞাপন

থার্মাল পেস্ট পরিবর্তনের সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। প্রথমত, মানসম্মত পেস্ট ব্যবহার করা উচিত। সস্তা বা নিম্নমানের পেস্ট দ্রুত শুকিয়ে যায় এবং কাঙ্ক্ষিত ফল দেয় না। দ্বিতীয়ত, সঠিকভাবে লাগানো গুরুত্বপূর্ণÑঅতিরিক্ত পেস্ট যেমন ক্ষতিকর, তেমনি কম পেস্টও কার্যকর হয় না। মাঝামাঝি পরিমাণে সমানভাবে লাগানোই সবচেয়ে ভালো। ল্যাপটপের ক্ষেত্রে বিষয়টি আরো সংবেদনশীল। পাতলা ডিজাইন ও সীমিত কুলিংয়ের কারণে ল্যাপটপ দ্রুত গরম হয়। তাই ল্যাপটপ ব্যবহারকারীদের নির্দিষ্ট সময় পরপর থার্মাল পেস্ট পরিবর্তন ও কুলিং সিস্টেম পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যারা অভিজ্ঞ নন, তাদের জন্য এটি নিজে না করে দক্ষ টেকনিশিয়ানের সাহায্য নেওয়াই নিরাপদ।

সবশেষে বলা যায়, থার্মাল পেস্ট একটি ছোট উপাদান হলেও এর গুরুত্ব অনেক বড়। এটি ঠিকমতো কাজ না করলে পুরো কম্পিউটারই ধীর, অস্থির ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই কম্পিউটারকে দীর্ঘদিন ভালো রাখতে চাইলে নিয়মিত এই ছোট বিষয়টির প্রতিও নজর দেওয়া জরুরি। অনেক সময় বড় সমস্যার সমাধান লুকিয়ে থাকেÑএমনই ছোট একটি যত্নে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন