ফ্যামিলি কার্ড কর্মসূচি

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ ও ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের অন্যতম অঙ্গীকার এই ফ্যামিলি কার্ড কর্মসূচি।

সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের নারীপ্রধান পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী একযোগে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পাইলটিং পর্যায়ে দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে পাইলটিং কার্যক্রম পরিচালনায় বরাদ্দ করা ৮৬ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে ব্যয় হয়েছে ৬৫ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে ৫৭ কোটি ২০ লাখ টাকা ভাতা হিসেবে দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই থেকে কর্মসূচির মূল বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ড পেতে সাধারণ মানুষকে কোনো সরকারি দপ্তর বা কোনো ব্যক্তির পেছনে ঘুরতে হবে না; সরকারের তথ্য সংগ্রহকারীরাই সরাসরি প্রতিটি পরিবারের দোরগোড়ায় যাবেন। সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতির মাধ্যমে ডেটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে যোগ্য পরিবার চিহ্নিত করা হবে। ফলে এখানে কোনো রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি বা অসদুপায় অবলম্বনের সুযোগ নেই।’

চলতি ২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির মূল বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ১২ হাজার ৩০০ কোটি টাকা ভাতা হিসেবে বরাদ্দ রাখা হয়েছে। কর্মসূচি নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য প্রণয়ন করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’।

ডা. জাহিদ হোসেন বলেন, আজ (সোমবার) থেকে দেশব্যাপী একযোগে খানাভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা জরিপের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহের কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যে তাদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

তিনি জানান, তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে জমা হবে। এই কার্যক্রমের অংশ হিসেবে কার্ড তৈরি, নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ, জনবল ব্যবস্থাপনা এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) রুম স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পিএমটি পদ্ধতিতে ডেটাবেজ থেকে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারীপ্রধান পরিবারকে পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতায় আনা হবে।

উপকারভোগীদের সুবিধার বিষয়ে তিনি জানান, ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি যুক্ত থাকবে। পাশাপাশি সরকারি এজেন্ট ব্যাংকিং, বিকাশ, রকেট, উপায় ও ট্যাপের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং পয়েন্ট অব সেলস (পিওএস)-এর মাধ্যমে সহজে ভাতা উত্তোলনের সুবিধা রাখা হয়েছে। সরকারের এই দূরদর্শী উদ্যোগের মাধ্যমে নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...