মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত সাত বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এদের মধ্যে চারজনের লাশ দেশে আনা হয়েছে। আর একজনকে সংযুক্ত আরব-আমিরাতে কবর দেওয়া হয়েছে।
সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের লাশ গ্রহণের সময় সাংবাদিকদের এসব কথা বলেন ।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, নিহত হওয়া বাকি দুজনের লাশ দেশে আনার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকাজের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা প্রদান করা হবে। এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার জন্য সংঘাতময় এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানান তিনি।
এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম।
এর আগে, গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়াদে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

