বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারি কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জেরে অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ শোকজ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের ঘটনার বিষয়ে ব্যাখা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে । মঙ্গলবার জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তা বিভিন্ন বিচারকদের নিকট পাঠানো চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে সংশ্লিষ্ট বিচারকদের কারণ দর্শিয়ে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করেছেন। উসকানিমূলক এসব বক্তব্যের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের জারি করা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।
এছাড়া, আপনি এই কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণেরও সামিল।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিচারক জানান, তারা কোন সামাজিক যোগাযোগমাধ্যমে এরকম কোন মন্তব্য করেননি। তারা তাদের নিজস্ব প্লাটফর্মে আলোচনা করেছেন। বিষয়টি নিয়ে সরকারকে ভুল বুঝানো হয়েছে।
তারা জানান, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় এবং বিচারক নিয়োগ অধ্যাদেশসহ স্বাধীন বিচার বিভাগের নানা ইস্যুতে সম্প্রতি বিচারকদের যে কোন ধরনের জোটবদ্ধ প্রচেষ্টাকে আতংকগ্রস্থ করতেই এ শোকজ দেয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

