খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশনে নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেছেন, বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ-২০২৫, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশ ও বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ সহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে আবারো ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাচ্ছে। গণভোট অধ্যাদেশ বাতিল করে সরকার গনবিরোধী অবস্থান নিয়েছে।
তারা বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশকে অন্তহীন প্রতারণার দলিল ও জাতীয় প্রতারণা হিসেবেও অখ্যায়িত করেছে, এর মাধ্যমে তারা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ভূলুণ্ঠিত করেছে। তারা বলেন, জুলাই জাতীয় সনদের যে ৪৮টি প্রস্তাব বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল নির্বাচিত সংসদকে সেগুলো নিয়ে আলোচনা-পর্যালোচনা করতে হবে। গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ডা. আবদুল্লাহ খান, ড. ইউসুফ আলী, মুফতি আবুল হাসান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমন্ত্রিত সদস্যরা।
অধিবেশনে প্রস্তাব গ্রহণ, কেন্দ্রীয় বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা পুনর্মূল্যায়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পর্যালোচনা ও বিবিধ বিষয়ে আলোচনা হয়। এ সময় চলমান বিভিন্ন বিষয়ে পাঁচটি প্রস্তাব পাস করা হয়।
অধিবেশনে আরও বলা হয়, যথাসময়ে টিকা প্রদান না করার কারণে শিশুদের হাম আক্রান্তের হার বাড়ছে। গত মার্চে এ রোগে ৩২ জন শিশু মারা গেছে। ইতোমধ্যে মশার উৎপাত বাড়লেও সরকারদলীয় স্থানীয় সরকার প্রশাসকগণ সজাগ নন। অথচ সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহী রোগের প্রাদুর্ভাব বাড়ার মৌসুম। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ ও সরঞ্জাম সংকটে চিকিৎসা বাধাগ্রস্থ হচ্ছে। জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না। শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাস চালু অপরিণামদর্শী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য সরকারকে আহ্বান করছি। বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এসেছে। এসব অনিয়মের কারণে নির্বাচন কমিশনকে জবাবদিহিতা করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

