ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইলেকশন দেখাতে চাই: সিইসি

স্টাফ রিপোর্টার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ইলেকশন দেখাতে চাই: সিইসি

ইলেকশন বলতে বিশ্বব্যাপী যা বোঝায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা বোঝায়, সেটা আমরা দেখাতে চাই। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩-এর নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন মনিটর করা শেষে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ সময় তিনি বলেন, 'আমরা কন্ট্রোল রুমটা ভিজিট করতে এলাম। আমরা আসন দুটিতে ড্রোন থেকে আরম্ভ করে অ্যাভরিথিং ইউজ করছি। সম্পূর্ণ সায়েন্টিফিক মেথডে আমরা কেন্দ্রীয়ভাবে এটা মনিটর করছি।

বিজ্ঞাপন

আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া খারাপ না হয়, সেটাতে আমরা জোর দিয়েছি। সুন্দরভাবে ও স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সে জন্য সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি।'

তিনি আরো বলেন, 'শেরপুরটা বর্ডারিং এলাকা। ওখানে আর্মিকে বর্ডার থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা ওখানে ডেপ্লয়মেন্ট অব বিজিবিটা বাড়িয়েছি। বিজিবিকে আমরা ইফেক্টিভলি ইউজ করছি, র‍্যাবকে ইউজ করছি, তারপর আনসার, পুলিশ উনারা তো আছেনই।'

শেরপুর ও বগুড়ার নির্বাচনের পরিস্থিতি জানিয়ে সিইসি বলেন, 'সকাল সাড়ে ৭টার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানানো হয়েছে। মানুষ নির্বিঘ্নে আসছে, ভোট দিচ্ছে। বাই-ইলেকশনে সাধারণত একটা টেনডেন্সি থাকে ভোটার টার্ন আউট কম হওয়ার। তার পরেও দেখা যাক কী হয়। তবে মানুষ শান্তিপূর্ণভাবে আসছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে তারা নিজ বাড়িতে ফেরত যাচ্ছে।'

এ সময় চট্টগ্রামের দুইটা আসনের ফলাফল এখন কোন অবস্থায় আছে জানতে চাইলে তিনি বলেন, 'এটা আদালতের সাব-জুডিস ম্যাটার। এগুলো আদালত সিদ্ধান্ত যখন যেরকম দেয়, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। ওটা আদালতের ব্যাপার, আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই।'

বিগত সরকারের আমলে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে তিনটি চিঠি দিয়েছিল। ইসি কি ওই চিঠির আলোকে এগোচ্ছে, নাকি নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে জানতে চাইলে তিনি আরো বলেন, 'এখন এটা নিয়ে কথা বলতে চাই না। এ বিষয়ে সরকারের সাথে বসতে হবে।

অনেক আলাপ-আলোচনা করতে হবে। আইন-কানুন আছে, এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, এগুলো পাস করার ব্যাপার আছে। সবকিছু মিলিয়ে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা সরকারের সাথে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাব।'

সংসদে দুই দলই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা করছেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এক সংসদ সদস্যের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এ এম এম নাসির উদ্দিন বলেন, 'এগুলো এখন অপ্রাসঙ্গিক। আজকের ভোটের সাথে এটার সম্পর্ক নেই।

আর এগুলো নিয়ে মামলা হয়েছে। এগুলো এখন সাব-জুডিস ম্যাটার। এগুলো নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পার্লামেন্টের আলোচনা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। আর যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন