উড্ডয়নের ঠিক আগে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রানওয়ে থেকে ফিরে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী একটি ফ্লাইট। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাইলট উড্ডয়ন বাতিল করে বিমানটি বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনেন।
বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজি-৩৬৩ ফ্লাইটটির। নির্ধারিত সময় ছিল সকাল ১১টা ২০ মিনিট। উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়েতে অবস্থানকালে কেবিন ক্রুরা পাইলটকে জানান, এক যাত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
পরিস্থিতি বুঝে পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ করে জানান, তিনি উড্ডয়ন করতে পারছেন না এবং বোর্ডিং ব্রিজে ফিরে যেতে চান। এ সময় এটিসি জানায়, দুটি সামরিক উড়োজাহাজ অবতরণের অনুমতি পেয়েছে; সেগুলো নামার পরই ফ্লাইটটিকে ফেরার অনুমতি দেওয়া হবে। একই সঙ্গে তারা জানতে চায়, কোনো চিকিৎসা সহায়তা প্রয়োজন কি না।
পাইলট জানান, গ্রাউন্ড সার্ভিস প্রস্তুত রয়েছে এবং অসুস্থ যাত্রীকে বিমানের ভেতরেই অক্সিজেন দেওয়া হচ্ছে। দ্রুত ফিরে যাওয়ার অনুমতির অনুরোধও জানান তিনি।
পরে সামরিক উড়োজাহাজ দুটি অবতরণের পর বিজি-৩৬৩ ফ্লাইটটিকে বোর্ডিং ব্রিজে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। সেখানে অসুস্থ যাত্রীকে নিরাপদে নামিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীকে নামানোর পর ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে। বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত ফ্লাইটটি প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটে চেন্নাই পৌঁছে বিকেল ৩টা ৭ মিনিটে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

