ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা এবং দ্বিপাক্ষিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

সাক্ষাতে উভয়পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার মধ্যে বিদ্যমান সাদৃশ্য ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করতে পারে। প্রশাসনিক কাঠামো, পাঠ্যক্রম এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার মিলকে কাজে লাগিয়ে নতুন নতুন যৌথ উদ্যোগ গ্রহণের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষাকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করা অত্যন্ত জরুরি। এ জন্য কর্মবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী ও আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন প্রয়োজন। একইসঙ্গে তিনি বহুমুখী শিক্ষা ব্যবস্থা চালু, ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্স সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি আলোচনা করে বাস্তবসম্মত সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করা সম্ভব হবে। পাশাপাশি সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করা হলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে ‘শিল্প ও সংগীতের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপাচার্য, হাই কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন