স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বারবার প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করায় তারেক রহমান বললেন, ‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম’। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার (১৮এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে বক্তব্য রাখছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যমন্ত্রী বক্তৃতাকালে বারবার প্রধানমন্ত্রীর নানা কাজের প্রশংসা করায় তারেক রহমান বলে ওঠেন, মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম। এ সময় মিলনায়তনজুড়ে থাকা সবাই করতালি দেন। সঙ্গে সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রশংসা করি নাই, যতটুকু আপনি বলতেছেন সামান্য বলেছি।’
স্বাস্থ্যমন্ত্রী বক্তৃতায় বলেন, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারপ্রধান ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন, যার মাধ্যমে স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সংসদে দীর্ঘ সময় ধরে তিনি দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিয়ে ভাবনা-চিন্তা করেন। তার এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলেই প্রধানমন্ত্রী এযাবৎকালের শ্রেষ্ঠ রাজনৈতিক সংগঠক। তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ জনের মধ্যে ওনার কর্ম ওনাকে জায়গা করে দিয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক মানুষের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের চিকিৎসকদের বিকল্প নেই। তাই তাদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং কাজের পরিবেশ উন্নত করা সরকারের অগ্রাধিকার।
অনুষ্ঠানে উপস্থিত লোকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

