অল্টারনেটিভস'র কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

স্টাফ রিপোর্টার

অল্টারনেটিভস'র কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস-এর জাতীয় সাংগঠনিক কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে ২৩ জন নতুন সংগঠক হিসেবে যোগ দিয়েছেন। শনিবার অল্টারনেটিভস-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারাদেশের ছাত্র-নাগরিকদেরকে পুনর্গঠন করার লক্ষ্যে গঠন করা হয়েছে অল্টারনেটিভস।

বিজ্ঞাপন

প্রথম ধাপে ২৩ জন নতুন সংগঠক যোগ দেওয়ার কথা উল্লেখ করে প্ল্যাটফর্মটি বলেছে, ধাপে ধাপে এই কমিটি আরো বাড়াবে। দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্যে শীঘ্রই একটি রাজনৈতিক রুপরেখা প্রকাশ করবে সংগঠনটি।

অল্টারনেটিভস জানিয়েছে, নির্বাচন পরবর্তী দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামাজিক-অর্থনৈতিক-নাগরিক নিরাপত্তার অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। রাষ্ট্র গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা।

কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন।

নতুন ২৩ সংগঠক হলেন আবিদ উল্লাহ কামাল, আব্দুর রহমান আকাশ, ফাত্তাহ সিয়াম, মাহমুদুল হাসান, মুহাম্মদ মুহিউদ্দিন জিলানী, মোহাম্মদ রাজীব হাসান ইন্দু, মোস্তফা মনন, মোঃ আবদুল ওয়াহাব সাকীন, মো. মুজিবুর রহমান, মো: মুশফিকুল ইসলাম, মো. সারওয়ারুল হক রবিন, রাকিবুল হাসান অনিন্দ্য, রাশিদুন নবী, রিয়াদ বিন মাহবুব, শহীদুল ইসলাম রূপক, সত্যঞ্জীব মুখার্জী, সনজয় দাশ, সাজ্জাদুল হক, সৈয়দ আরেফিন বায়েজিদ, তানজিম আহমেদ, তাইমুম হাসান শুভ, নূর কবির রাশিক ও পরিমল চন্দ্র উরাও।

চলতি বছরের গত মার্চের শুরুর দিকে অল্টারনেটিভস-এর ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় সাংগঠনিক কমিটি নাম ঘোষণা করা হয়। এ কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সাবেক নেতাও স্থান পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন