চীনের পথে বিএনপির প্রতিনিধিদল

আমার দেশ অনলাইন

চীনের পথে বিএনপির প্রতিনিধিদল
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে নেওয়া

চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফর করছে ক্ষমতাসীন বিএনপির একটি প্রতিনিধিদল। বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হন তারা।

১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

প্রথমে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলের চীন সফরে যাওয়ার কথা ছিল। তবে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় প্রতিনিধিদলের সঙ্গে যেতে পারেননি। আগামী ১৯ এপ্রিল মির্জা ফখরুল এই সফরে যোগ দেবেন বলে জানান শায়রুল।

সফরকারী বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন— দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, চলচ্চিত্রকার আশরাফ উদ্দিন উজ্জ্বল, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, মনোয়ার হোসেন খান, সাঈদ আল নোমান এবং সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

এ ছাড়া ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান এবং মীর সোলাইমানও রয়েছেন প্রতিনিধিদলে।

এর আগে গত ১৩ এপ্রিল ঢাকার চীনা দূতাবাস বিএনপির প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে। নৈশভোজের আগে প্রতিনিধিদল চীন সফরে যেসব স্থান পরিদর্শন করবে, সে বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। চীন সফর শেষে আগামী ২৪ এপ্রিল প্রতিনিধিদলের ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন