বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ

বিসিবির বিতর্কিত নির্বাচন নিয়ে হয়েছে তদন্ত। তদন্ত শেষে অনিয়মের অভিযোগে ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ। সঙ্গে বিসিবি পরিচালনার জন্য তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অ্যাডহক কমিটির কাজই হবে আগামী তিন মাসের মধ্যে বিসিবিতে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া। কিন্তু এই কমিটি নিয়ে আলোচনা হচ্ছে এখন। কমিটিতে বিএনপির নেতা, সংসদ সদস্য এবং মন্ত্রীদের স্ত্রী ও পুত্ররা জায়গা পাওয়ায় প্রশ্ন উঠেছে। আজ বুধবার এ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণে আনা বিলের বিরোধিতা করতে গিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের অভিযোগ এনে তিনি বলেন, ‘বিসিবি এখন আর ক্রিকেট বোর্ড নেই, সেটি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।’ এ নিয়ে সংসদে হাসনাত আবদুল্লাহর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

হাসনাতের সমালোচনার জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ক্ষমতার অপপ্রয়োগ করে সারা বাংলাদেশের জেলা কমিটিগুলোকে প্রভাবিত করেছেন। বাংলাদেশে যেগুলো নিবন্ধিত ক্লাব ছিল, সেগুলোকে সরকারি ক্ষমতার মাধ্যমে প্রভাবিত করা হয়েছে এবং হাইকোর্টে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ক্রিকেট বোর্ডের একটি বডি গঠন করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কী কী অনিয়ম হয়েছে তা খুঁজে বের করার জন্য। সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পর তারা জানালো যে এখানে যথেষ্ট অনিয়ম হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আগের বোর্ড বিলুপ্ত করে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিধি অনুযায়ী তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। আমরা এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে।’

১১ সদস্যের অ্যাডহক কমিটিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গী হয়েছেন দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান। কমিটিতে বিএনপি মন্ত্রীর তিন পুত্র এবং এক মন্ত্রীর স্ত্রীও আছেন। ব্যারিস্টার রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদের পুত্র।

কমিটিতে আরো রয়েছেন বিভিন্ন সময়ে বিসিবির পরিচালনা পর্ষদে কাজ করা তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। তাদের মধ্যে তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কর্মকর্তা এবং ফাহিম সিনহা একমি ল্যাবরেটরিজের পরিচালক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...