প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজ বাঁচাতে এখন জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে সকাল ১১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচে জয়ের আশা দেখিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশের জন্য বড় সমস্যার নাম উইকেট। আগের ম্যাচে খানিকটা ধীরগতির উইকেটে নিউজিল্যান্ডকে আটকাতে পারেনি বাংলাদেশ। উল্টো নিজেরাই হেরে বসেছে। আজ কেমন উইকেট হবে-সেটা এখন বড় প্রশ্ন। অন্যদিকে গরমও বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে-সেটাও স্পষ্ট। ফলে বলাই যায়, বড় বাধা পেরিয়ে সিরিজ বাঁচাতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের।
এমনিতেই অভিজ্ঞতার বিচারে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ দল। তবুও প্রথম ম্যাচে জিততে পারেনি লিটন দাস-মেহেদি হাসান মিরাজরা। তার ওপর অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড। সফরকারীরা দ্বিতীয় সারির দল-সেটা মানতে নারাজ পেসার শরিফুল ইসলাম। বরং তার কাছে মনে হয়েছে নিউজিল্যান্ডের বর্তমান দলটিও ভালো দল। ফলে লড়াই করে জিততে হবে-সেটা স্পষ্ট ছিল তার কথায়।
লড়াইয়ের মঞ্চে উইকেট কেমন হবে-সেটা সবচেয়ে বড় প্রশ্ন। সিরিজ শুরুর আগে বলা হয়েছিল পাকিস্তান সিরিজের মতো স্পোর্টিং উইকেট থাকবে। তবে প্রথম ম্যাচে দেখা গেছে ভিন্ন চিত্র। উইকেট ছিল খানিকটা ধীর। রান করাটা কঠিন হয়ে পড়েছিল ব্যাটারদের জন্য। তবে গতকাল দ্বিতীয় ওয়ানডের আগে প্রেসবক্স থেকে দেখে মনে হচ্ছিল উইকেটে আছে প্রচুর ঘাস। পাকিস্তান সিরিজের অভিজ্ঞতা বলে, উইকেট হতে পারে স্পোর্টিং। তেমন যদি হয়, তাহলে জমজমাট এক লড়াই অপেক্ষা করছে দর্শকদের জন্য।
উইকেট যে প্রথম ম্যাচের মতো ধীরগতির থাকবে না, সেটা সংবাদ সম্মেলনে বলেছেন শরিফুল ইসলাম। তার কথায়, ‘আমাদের টিম ম্যানেজমেন্ট উইকেট নিয়ে সন্তুষ্ট ছিল। ইনশাল্লাহ পরের ম্যাচে আরো ভালো হবে।’ অন্যদিকে বিসিবি টিম ম্যানেজমেন্ট থেকেও জানা গেছে, দল যেভাবে চায়, সেভাবেই বানানো হয়েছিল উইকেট। ফলে এখানে অসন্তুষ্টির কোনো সুযোগ নেই। আর দ্বিতীয় ওয়ানডেতে উইকেটের চরিত্রে খানিকটা বদল হতে পারে-সেটাও স্পষ্ট ছিল টিম ম্যানেজমেন্টের কথায়।
তবে মিরপুরের এই উইকেটে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেÑসেটাও মনে করিয়ে দেন এই বাঁহাতি। ফলে দর্শকদের চোখ রাখতে হবে টসের দিকেও।
টস ও উইকেটের পাশাপাশি বৈশাখের তপ্ত গরম রাখবে বড় প্রভাব। তবে আবহাওয়ার ওপর যেহেতু কারো হাত নেই, তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ক্রিকেটারদের। সেসব বাস্তবতা মেনেই মাঠে নামতে প্রস্তুত দুদলের ক্রিকেটাররা। টস, উইকেট আর গরম নিয়ন্ত্রণের বাইরে হওয়ায় অনুশীলনে নিজেদের প্রস্তুত করে নিয়েছে বাংলাদেশ দল। সেই অনুশীলনের পর শরিফুল জানান, নিউজিল্যান্ডকে হারানোর সামর্থ্য তাদের আছে। প্রথম ম্যাচ হারায় সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়ানোটা জরুরি বাংলাদেশের জন্য। তবে এখনই সিরিজ জয়ের চিন্তা মাথায় নিতে চান না শরিফুল।
তার কথায়, ‘এখনো আমাদের হাতে দুটি ম্যাচ আছে। আমাদের ওই সামর্থ্য আছে। ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমাদের কনফিডেন্স আছে বেস্ট ক্রিকেট খেললে রেজাল্ট আনতে পারব।’
নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাওয়া শরিফুল ইসলাম চান ব্যাটিংয়েও অবদান রাখতে। প্রথম ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটিং কার্যকর হলে ম্যাচ জেতা সম্ভব ছিল বলেও বিশ্বাস তার। এ নিয়ে শরিফুল বলেন, ‘যদি আরেকটু ভালো করতে পারতাম, তাহলে ম্যাচটি ক্লোজ হতো। আমি ট্রাই করব পরের ম্যাচে ব্যাটিংয়ে অবদান রাখতে।’
সিরিজ বাঁচানোর এ লড়াইয়ে বাংলাদেশ একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। টানা ব্যর্থ হওয়া আফিফ হোসেনের জায়গায় সৌম্য সরকার কিংবা মাহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পেতে পারেন। পাশাপাশি তাসকিন আহমেদ কিংবা নাহিদ রানার জায়গায় সুযোগ মিলতে পারে মোস্তাফিজুর রহমানের। এছাড়া বাংলাদেশ একাদশে নেই পরিবর্তনের সুযোগ। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে পরিবর্তনের সুযোগ নেই বললেই চলে।
একাদশ ও উইকেটে পরিবর্তন এনে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ জিততে পারে কি নাÑসেটাই এখন দেখার অপেক্ষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

