রাজশাহীতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কার মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

রাজশাহীতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কার মেয়েরা

শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে মাঠে গড়াচ্ছে মেয়েদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে রাজশাহী স্টেডিয়ামে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়। সিরিজের বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে ২২ ও ২৫ এপ্রিল। রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট আয়োজন সামনে রেখে গতকাল ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের দুই অধিনায়ক। গতকাল রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় মাঠে ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে আসন্ন সিরিজ ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এ সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ বলছেন। গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বকাপের আগে এ সিরিজটা আমাদের প্রস্তুতির জন্য খুব ভালো হবে। এর আগে আমরা এমন সুযোগ পাইনি। এবার পাচ্ছি, এটা দলের জন্য নিজেদের প্রস্তুত করার বড় সুযোগ।’ এ বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

রাজশাহীতে এখন প্রচণ্ড গরম। বাংলাদেশ নারী দলের অধিনায়ক বলেন, ‘রাজশাহীতে গরম, এটা আমরা জানি। কিন্তু এখানে আমাদের ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। তাই আবহাওয়া বড় সমস্যা হবে না।’

শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও সিরিজ আর ভেন্যু নিয়ে বলেন, ‘আমি জানি এ মাঠ এখনো আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রতিষ্ঠিত নয়। তবে বর্তমানে উইকেট ও কন্ডিশন খুব ভালো। এটি নতুন ভেন্যু, তাই আমরা খুব বেশি কিছু প্রত্যাশা করছি না। দিন শেষে আমাদের কাজ মাঠে ভালো ক্রিকেট খেলা।’

ওয়ানডে সিরিজ শেষে দুদল যাবে সিলেটে, সেখানে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে ম্যাচ তিনটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ওয়ানডের জন্য ১৬ সদস্যের এবং টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে এসেছে লঙ্কানরা।

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা নারী দল। এর আগে দুদল মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দ্বিপক্ষীয় সিরিজে। তাও ২০২৩ সালে শ্রীলঙ্কার মাটিতে। সে সিরিজে স্বাগতিকরা ওয়ানডে সিরিজ ১-০ এবং টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল। এছাড়া নতুন প্রধান কোচ জেমি সিডন্সের অধীনে এটিই শ্রীলঙ্কা নারী দলের প্রথম সফর। এর আগে তিনি বাংলাদেশের পুরুষ দলের সঙ্গেও বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন।

গত শুক্রবার বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...