প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নতুন করে উত্তেজনা ছড়াল ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধেই সবকিছু গুছিয়ে নেয় সিটি। ৫১তম মিনিটে রায়ান চেরকির দারুণ ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন নিকো ও’রেইলি। আন্দ্রে সান্তোসকে সরিয়ে নেওয়া সেই গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর ছয় মিনিট পর আবারও আক্রমণে সাফল্য পায় পেপ গার্দিওলার দল।
চেরকির আরেকটি নিখুঁত ক্রস থেকে সাবেক চেলসি ডিফেন্ডার মার্ক গেহি বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৮তম মিনিটে জয়ের সিলমোহর বসান জেরেমি ডোকু। চেলসির বক্সের সামনে মোইসেস কাইসেদোর কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে জোরালো শটে গোলরক্ষক রবার্ট সানচেজকে পরাস্ত করেন তিনি। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সিটি শীর্ষ দল আর্সেনালের থেকে মাত্র ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে, তাও আবার এক ম্যাচ কম খেলে। আগামী সপ্তাহে এই দুই দলের মুখোমুখি লড়াই শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। চেলসি আছে ষষ্ঠ স্থানে।
অন্যদিকে বুন্দেসলিগায় এবার যেন গোলের নতুন সংজ্ঞা লিখছে বায়ার্ন মিউনিখ। রেলিগেশন শঙ্কায় থাকা সেন্ট পাউলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শুধু বড় জয়ই পায়নি, গড়েছে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ডও। হ্যারি কেইন ও আলেক্সান্দার পাভলোভিচকে ছাড়াই এমন দাপুটে জয় তুলে নেয় ভিনসেন্ত কোম্পানির দল। এই জয়ে বুন্দেসলিগায় নিজেদের গোলসংখ্যা দাঁড়ায় ১০৫-এ, যার মধ্যে রেকর্ড গড়া ১০২তম গোলটি করেন লিওন গোরেৎকা। তার এই গোলেই ভেঙে যায় ১৯৭১-৭২ মৌসুমে ফ্র্যাঞ্জ বেকেনবাওয়ার ও গার্ড মুলারের বায়ার্নের গড়া ১০১ গোলের পুরোনো রেকর্ড। আগের ম্যাচেই জামাল মুসিয়ালার গোলে সেই রেকর্ড ছুঁয়েছিল বায়ার্ন, আর এবার সেটিকে ছাড়িয়ে গেল তারা।
ম্যাচের ৫৩তম মিনিটে গোরেৎকার ভলিতে ইতিহাস গড়ার পর এক মিনিটের মধ্যেই ব্যবধান আরো বাড়ান মাইকেল ওলিসে। এরপর নিকোলাস জ্যাকসন চতুর্থ গোলটি করেন, আর রাফায়েল গুয়েরেইরোর পায়ে আসে মৌসুমের ১০৫তম গোল। পাঁচ ম্যাচ হাতে রেখে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান এখন ১২ পয়েন্ট, যা বায়ার্নকে আরো এক শিরোপার খুব কাছাকাছি নিয়ে গেছে। তবে এখানেই থেমে থাকতে চায় না মিউনিখের জায়ান্টরা।
সামনে এখন ইউরোপের আরো বড় রেকর্ড ভাঙার সুযোগ। ২০১৭-১৮ মৌসুমে সার্জিও আগুয়েরোর ম্যানচেস্টার সিটির ১০৬ গোল কিংবা ২০১১-১২ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের ১২১ গোল—দুটিই এখন বায়ার্নের নাগালে। যদিও বুন্দেসলিগায় ম্যাচ সংখ্যা কম (৩৪), তবু এই লক্ষ্য ছোঁয়ার স্বপ্ন দেখছে দলটি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সর্বোচ্চ ১২৫ গোলের রেকর্ড এখনো তুরিনোর দখলে (১৯৪৭-৪৮, সিরি’এ), যা ছোঁয়া নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

