চ্যাম্পিয়নস লিগ

ফের অ্যাটলেটিকোর সামনে বার্সা

স্পোর্টস ডেস্ক

ফের অ্যাটলেটিকোর সামনে বার্সা

গুরুত্বপূর্ণ এক ম্যাচ। লড়াইটা আবার চ্যাম্পিয়নস লিগে; কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের। বার্সেলোনা নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আতিথ্য দিতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। দুদলের হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ১টায়। রাতের অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেস সফরে যাচ্ছে লিভারপুল।

বিজ্ঞাপন

মেত্রোপলিতানোর ম্যাচের স্মৃতি এখনো তরতাজা। ঘটনাবহুল সেই ম‍্যাচের পর একে অন্যকে মোকাবিলা করতে যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। সে লড়াইয়ের পর অনেকে বলেছেন ঝাঁঝালো কথা। তবে কোনো উত্তেজনার রেশ মিলল না হ্যান্সি ফ্লিকের কণ্ঠে। কথার লড়াইয়ে যোগ না দিয়ে বার্সেলোনা কোচ মনোযোগ দিতে চান মাঠের রণকৌশলে।

গত শনিবার লা লিগার ম‍্যাচে অ্যাটলেটিকোর মুখোমুখি হয় বার্সেলোনা। ঘটনাবহুল ম‍্যাচে ২-১ গোলে জিতে শীর্ষস্থান আরো শক্ত করেছে ফ্লিকের শিষ্যরা। সেই ম‍্যাচে হারের পর চ‍্যাম্পিয়নস লিগে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের দেখে নেওয়ার হুঙ্কার দিয়েছিল অ্যাটলেটিকো। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বললেন, সেসব নিয়ে একদমই ভাবছেন না, ‘একমাত্র যে ব‍্যাপারটিতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, তা হলো আমরা মাঠে কি অর্জন করতে পারি। নিজেরা যা নিয়ন্ত্রণ করতে পারব, এর বাইরের কোনো বিষয় নিয়ে আমি ভাবতে চাই না।’

ফিরতি লেগের খেলা হবে অ্যাটলেটিকোর মাঠে। এর আগে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এ মাঠেই ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। পরে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেও সুবিধা করতে পারেনি কাতালানরা। শেষ চার থেকেই বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টটির ইতিহাসের সফলতম ক্লাবটিকে।

এতসব না ভেবে ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন বার্সেলোনা কোচ, ‘আমাদের নিজস্ব ধরন আছে এবং আমরা তাতেই অনড় থাকব। আমাদের চাপ তৈরি করতে হবে এবং জায়গা বের করে নিতে হবে। এ দুই ম‍্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে আমাদের শুরু থেকে মনোযোগী থাকতে হবে। সবাই চ‍্যাম্পিয়নস লিগে খেলতে চায়। আমাদের সামনে সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ আছে আর এটাই আমাদের লক্ষ‍্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন