নেইমারের ঋণের ফাঁদে আটকে বিপাকে সান্তোস

স্পোর্টস ডেস্ক

নেইমারের ঋণের ফাঁদে আটকে বিপাকে সান্তোস

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস পড়েছে মহাবিপাকে। ঋণে জর্জরিত হয়ে পড়েছে ক্লাবটি। আর ক্লাবটিকে ঋণের ফাঁদে ফেলেছে দলটিরই প্রাণভোমরা নেইমার জুনিয়র নিজেই। অবাক হওয়ার মতো খবরই বটে! যে ক্লাবটির জার্সি গায়ে জড়িয়ে মাঠে লড়ছেন ব্রাজিলিয়ান ফুটবল মহাতারকা। তাকে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করিয়ে দিতে যারা তোড়জোড় শুরু করেছে—সেই ক্লাবটির সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে নেইমার নিজেই।

বিজ্ঞাপন

এবার মূল বিষয়ে আসা যাক—ক্লাবটির কাছে নেইমারের পাওনা প্রায় ১ কোটি ৩০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায়, যা ২১৪ কোটি টাকারও বেশি। এই বিশাল ঋণ শোধ করতে না পারলে সান্তোস তাদের আইকনিক যুব একাডেমি ও ট্রেনিং গ্রাউন্ড ‘সিটি মেনিনোস দ্য ভিলা’র মালিকানা স্বত্ব হারিয়ে ফেলতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিপত্রে এমন অবাক করা তথ্যই উঠে এসেছে।

‘গোল ডট কম’ বলছে, নেইমারের ইমেজ রাইটস কোম্পানি ‘এনআর স্পোর্টস’-এর কাছে ১ কোটি ৩০ লাখ পাউন্ড ঋণ বকেয়া রয়েছে সান্তোসের। কোম্পানি পরিচালনা করেন আবার নেইমারের বাবা। বকেয়া ঋণটি দুটি কিস্তিতে পরিশোধ করতে পারবে ক্লাবটি। প্রথম কিস্তিতে ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৪০ লাখ পাউন্ড দিতে হবে। বাকি ৯০ লাখ পাউন্ড ৪৩টি মাসিক কিস্তিতে ২০৩০ সালের মধ্যে পরিশোধ করতে হবে ক্লাবটির কর্তৃপক্ষকে।

এনআর স্পোর্টস ও সান্তোসের মধ্য হওয়া চুক্তির সবচেয়ে কঠিন শর্ত হলো—সান্তোস একটি কিস্তি দিতে ব্যর্থ হলে বাকি পুরো ৯০ লাখ পাউন্ড তাৎক্ষণিকভাবে নগদে পরিশোধ করতে হবে। এই ঋণ নিতে সান্তোস তাদের বিশ্ববিখ্যাত যুব একাডেমি ও ট্রেনিং গ্রাউন্ড ‘সিটি মেনিনোস দ্য ভিলা’কে বন্ধক রেখেছে। ক্লাবটি ঋণ শোধ করতে ব্যর্থ হলে নেইমারের কোম্পানি এই সম্পত্তি দখল করে নিতে পারবে।

ফুটবল বিশ্বে ‘প্রতিভার কারখানা’ হিসেবে পরিচিত ক্লাবটির বর্তমান সভাপতি মার্সেলো টেক্সেইরা আগামী নির্বাচনে হারলে বা ক্লাবটির প্রশাসনিক কাঠামো পরিবর্তন হলেও পুরো টাকা একসঙ্গে শোধ করতে হবে। সব মিলিয়ে সান্তোসের ঋণ এখন ১৪ কোটি ৬০ লাখ পাউন্ড। তার মধ্যে বেতন বকেয়া হয়েছে ২০ লাখ পাউন্ডের বেশি। আর তাই আর্থিক অনিয়মের অভিযোগে বর্তমান সভাপতির পদত্যাগের দাবি জোরাল হয়েছে। পেলে, নেইমার ও রদ্রিগোর মতো তারকাদের আঁতুড়ঘর হিসেবে ক্লাবটি ঋণের কবলে পড়ে রীতিমতো অস্তিত্ব সংকটে। ব্রাজিলীয় ফুটবলে ব্যাপক হইচই ফেলে দিয়েছে সান্তোসের এই সংকট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...