মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এছাড়াও তিনি ইরানকে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেয়ার অনুরোধও করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ জোরালো এবং ধারাবাহিকভাবে এগোচ্ছে। অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও লিখেন, ‘কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।’
একই সঙ্গে তেহরানের প্রতি ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে ওই দুই সপ্তাহ হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানিয়েছেন শাহবাজ শরিফ। তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সবখানে যুদ্ধবিরতি পালনের অনুরোধ করছি। এতে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি টানা সম্ভব হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

