ইরানকে নিয়ে ট্রাম্পের উগ্র-অশ্লীল পোস্টের নিন্দা ও সমালোচনা

ডেস্ক রিপোর্ট

ইরানকে নিয়ে ট্রাম্পের উগ্র-অশ্লীল পোস্টের নিন্দা ও সমালোচনা
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইস্টার সানডেতেও তার লাগামহীন বাগাড়ম্বর থেকে বিরত থাকেননি। গত রোববার তিনি ইরানকে হুমকি দিয়ে আক্রমণাত্মক গালিগালাজ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের এ ‘অশ্লীল ও উগ্র’ পোস্ট ক্যাপিটল হিল এবং এর বাইরে নিন্দা ও সমালোচনার জন্ম দিয়েছে।

ইস্টার সানডেতে হরমুজ প্রণালি খুলে দিতে অস্বীকার করলে ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি দেন ট্রাম্প। এছাড়া, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যাপক বোমাবর্ষণের হুমকি পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এ প্রেসিডেন্ট এমন অশালীন বক্তব্যের জন্য সুপরিচিত হলেও খ্রিস্টানদের পবিত্র ছুটির দিনে ট্রুথ সোশ্যালে করা পোস্টটি অনেকের ভ্রু কুঁচকে দিয়েছে।

ট্রাম্পের ‘অশালীন’ পোস্টে ইরানের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকিকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন দেশটির সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, যুদ্ধাপরাধের মাধ্যমে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। একমাত্র প্রকৃত সমাধান হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং এ বিপজ্জনক খেলার অবসান ঘটানো।

এদিকে ট্রাম্পের পোস্ট নিয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, শুভ ইস্টার, আমেরিকা। আপনারা যখন গির্জায় যাচ্ছেন এবং বন্ধু-পরিবারের সঙ্গে উদযাপন করছেন, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মাদের মতো প্রলাপ বকছেন।

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি ইরান যুদ্ধের বিরোধিতা করে আসছেন। তার কাছে ট্রাম্পের মনোভাব ‘পুরোপুরি, চূড়ান্তভাবে ভারসাম্যহীন’। তিনি বলেন, আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে সাংবিধানিক আইনজীবীদের ২৫তম সংশোধনী সম্পর্কে ফোন করতাম। নিজের পোস্টে মারফি সেই ধারাটির কথা উল্লেখ করেন; যার মাধ্যমে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তর করা হয়।

ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন উল্লেখ করেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে ট্রাম্পের এমন ভাষা ব্যবহার করার ঘটনা এটাই প্রথম নয়। মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসির ‘মিট দ্য প্রেস’অনুষ্ঠানে কেইন বলেন, বোমা মারা তাদের প্রস্তর যুগে ফেরত পাঠানো, তাদের অভিশাপ দেওয়া।

কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেলর গ্রিন একসময় ট্রাম্পের কট্টর সমর্থক থাকলেও বর্তমানে একজন কড়া সমালোচক। তিনি ট্রাম্পের এমন পোস্টের তীব্র নিন্দা জানিয়েছেন। গ্রিন বলেন, ট্রাম্প প্রশাসনের প্রত্যেক ব্যক্তিÑযারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে তাদের উচিত ঈশ্বরের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়া, প্রেসিডেন্টের পূজা করা বন্ধ করা এবং ট্রাম্পের এ উন্মত্ততায় হস্তক্ষেপ করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...