গরমের ‘তীব্রতা’ বোঝাতে জাপানে নতুন শব্দ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

গরমের ‘তীব্রতা’ বোঝাতে জাপানে নতুন শব্দ প্রকাশ
ছবি: সংগৃহীত

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানে দিন দিন বাড়ছে গরমের তীব্রতা। গত গ্রীষ্ম মৌসুমে দেশটির তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। ফলে এ তাপমাত্রা বা এর চেয়ে বেশি তাপমাত্রার জন্য নতুন নাম নির্ধারণ করেছে দেশটি।

তীব্র গরমের এ সময়কে একটি নতুন নাম দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। নতুন এ নাম হলো ‘কোকুশোবি’। জাপানি এবং আন্তর্জাতিক গণমাধ্যম এ শব্দের পরিভাষা করেছে ‘নিষ্ঠুর গরম’, ‘ভয়াবহ গরম’ বা ‘প্রচণ্ড গরম’ দিন হিসেবে।

বিজ্ঞাপন

এতসব পরিভাষার মধ্য থেকে একটি জাতীয় অনলাইন জরিপে উঠে এসেছে সবচেয়ে জনপ্রিয় শব্দটি। ‘অত্যন্ত গরম দিন’ শব্দটি। এটি দ্বিতীয় স্থান পেয়েছে। মূলত জীবাশ্ম জ্বালানি পোড়ানোসহ মানুষের নানাবিধ কর্মকাণ্ডের ফলে দিন দিন বাড়ছে বৈশ্বিক উষ্ণতা, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।

জাপান টাইমস পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি জাপানে বেড়েছে গরমের তীব্রতা। শুক্রবার স্থানীয় আবহাওয়া সংস্থা (জেএমএ) এ তাপমাত্রা বোঝাতে ‘কোকু’ শব্দটি ব্যবহার করে, যার অর্থ ‘অত্যন্ত বেশি’।

নতুন এ শব্দ বাছাই করতে গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে একটি জরিপ চালানো হয়, যাতে অংশ নিয়েছিলেন চার লাখ ৭৮ হাজার মানুষ। সবচেয়ে উষ্ণতম দিনটিকে বর্ণনা করার জন্য ১৩টি বিকল্পের মধ্য থেকে পছন্দের শব্দটি বেছে নিয়েছিলেন তারা।

মজার বিষয় হলো, জাপানে ২৫, ৩০ ও ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোঝাতে ইতোমধ্যেই বিশেষ শব্দ রয়েছে। গত বছর জাপানে রেকর্ড তাপপ্রবাহের পর আরো উষ্ণ আবহাওয়ার জন্য নতুন শব্দটি তালিকায় যোগ করা হয়েছে।

১৮৯৮ সাল থেকে তাপমাত্রা রেকর্ড করা শুরুর পর থেকে ২০২৫ সালের গ্রীষ্মকাল ছিল সবচেয়ে উষ্ণতম, যেখানে দেশব্যাপী গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৩৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গত বছরের জুন থেকে আগস্টের মধ্যে ৯ দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ায়। ইসেসাকি শহরের তাপমাত্রা উঠেছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা নতুন জাতীয় সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করেছিল দেশটির আবহাওয়া সংস্থা।

২০২৪ সালের পর বেড়েছে অত্যন্ত উষ্ণ দিনগুলোর মোট সংখ্যাও, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। উদাহরণস্বরূপ, টোকিওতে ২৫ দিন পর্যন্ত ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা। আর কিয়োটোতে একই তাপমাত্রা বা তার উপরে ছিল ৫২ দিন।

জেএমএ পূর্বাভাস দিয়েছে, এই গ্রীষ্মে জুন থেকে আগস্ট পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন