লেবাননে সাম্প্রতিক তীব্র সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে গভীর ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তীব্রতর সামরিক অভিযানের পর আজ লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ভয়াবহ মৃত্যু ও ধ্বংসযজ্ঞে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ক্ষুব্ধ।
আইসিআরসির লেবানন প্রধান অ্যাগনেস ধুর বলেন, লেবাননের মানুষ একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তখনই প্রাণঘাতী হামলার ঢেউ দেশটিকে আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে।
তিনি আরো বলেন, অনেকে যারা নিজেদের বাড়িতে ফেরার মুহূর্তের কথা ভাবতে শুরু করেছিলেন, তারা নিখোঁজ প্রিয়জনদের খোঁজে অথবা এমন এক নিরাপত্তার সন্ধানে রাস্তা ও হাসপাতালে ছুটছেন—যা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে।
আইসিআরসি জানায়, ভারী বিস্ফোরক অস্ত্র দিয়ে বৈরুতসহ বিভিন্ন নগর এলাকায় হামলা চালানো হয়েছে, যেখানে পর্যাপ্ত সতর্কতা দেওয়া হয়নি। এতে শতাধিক মানুষ নিহত এবং আরও শত শত মানুষ আহত হয়েছেন।
সংস্থাটি সংশ্লিষ্ট সব পক্ষকে সামরিক অভিযানের সময় বেসামরিক মানুষ ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়। পাশাপাশি কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের পর জরুরি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
আইসিআরসি আরও জানায়, অঞ্চলের জন্য যেকোনো সমঝোতায় লেবাননের বেসামরিক মানুষের নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদার বিষয়টি অগ্রাধিকার দিতে হবে। তারা উল্লেখ করে, পাঁচ সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে মানুষ এখন সহিংসতা থেকে দ্রুত মুক্তি চায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

