যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে অচলাবস্থা

—লেবাননে ইসরাইলের ধ্বংসযজ্ঞ

—খামেনি হত্যার ৪০তম দিনে ব্যাপক সমাবেশ

মাসুম বিল্লাহ

যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে অচলাবস্থা
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ৪০তম দিনে বৃহস্পতিবার রাজধানী তেহরানে শোকার্ত জনতার র‌্যালি। ছবি: দ্য গার্ডিয়ান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলার ৩৯ দিন পর বাংলাদেশ সময় গত মঙ্গলবার মধ্যরাতে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় তেহরান ও ওয়াশিংটন। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতির অন্যতম লক্ষ্য ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রাখায় প্রণালিটি এখনো খুলে দেয়নি ইরান। তবে ইতোমধ্যে হরমুজ দিয়ে চলাচলের জন্য বিকল্প পথের মানচিত্র প্রকাশ করেছে ইরান। মূলত যুদ্ধের সময় পুঁতে রাখা মাইন থেকে জাহাজগুলোকে রক্ষা করতেই বিকল্প এ পথ ব্যবহারের কথা বলছে তারা। তবে এ প্রণালি পার হওয়ার আগে জাহাজগুলোকে অবশ্যই ইরানি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে।

এদিকে লেবানন যুদ্ধবিরতির আওতায় পড়বে কি না, তা নিয়ে পক্ষগুলোর মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে। এ বিষয়ে পরবর্তী আলোচনার জন্য আগামীকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসবেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

অন্যদিকে শিপিং কোম্পানি হ্যাপাগ লয়েডের পরিচালক নিলস হপ্ট জানান, হরমুজ প্রণালি দিয়ে আবার কখন জাহাজ চলাচল করতে পারবে, তা এখনো বলা যাচ্ছে না। তিনি জানান, পারস্য উপসাগরে তাদের ছয়টি জাহাজ আটকে আছে। এর আগে এ প্রণালি দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ অনুষ্ঠানে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান। তবে যুক্তরাষ্ট্র আগ্রাসন থেকে সরে না এলে প্রণালি পুনরায় খোলা হবে না। এর মাধ্যমে তিনি লেবাননে ইসরাইলের হামলার কথাই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। খাতিবজাদেহ বলেন, ইরান আন্তর্জাতিক আইন মেনে চলবে। তবে তিনি এটিও বলেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ইরান এবং ওমানের সদিচ্ছার ওপর নির্ভর করবে।

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

লেবাননকে ঘিরে অনিশ্চয়তার মধ্যে পড়েছে ইরান ও আমেরিকার মধ্যে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি। মধ্যস্থতাকারী পাকিস্তান ও ইরান শুরু থেকেই দাবি করেছে, লেবাননসহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্ট এ যুদ্ধবিরতির আওতায় পড়বে। তবে ইসরাইল এ দাবি নাকচ করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে। আমেরিকা ইসরাইলকে সমর্থন দিয়েছে। যদিও হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, লেবাননের জন্য যুদ্ধবিরতি ভঙ্গ করা ঠিক হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে ইসরাইলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ফলে আলোচনাগুলো অর্থহীন হয়ে যাবে। পেজেশকিয়ান আরো বলেন, ইরান লেবাননের জনগণের সঙ্গেই থাকবে। এদিকে, লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, লেবানন ও সমগ্র প্রতিরোধ অক্ষ ইরানের মিত্র হিসেবে যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গুরুতর পরিণতি ডেকে আনবে। তবে গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, কাতার এবং ওমানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

লেবাননে ইসরাইলের ব্যাপক হামলা

যুদ্ধবিরতির পর গত বুধবার ও গতকাল লেবাননে ইসরাইলের হামলায় অন্তত ৩০৩ জন নিহত হয়েছেন। বুধবার হিজবুল্লাহ হামলা বন্ধ রাখলেও লেবাননজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। লেবাননের জরুরি পরিষেবা সংস্থা (সিভিল ডিফেন্স) জানিয়েছে, হামলায় এক হাজার ১৬৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শুধু রাজধানী বৈরুতেই ৯২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৭৪২ জন। এছাড়া বৈরুতের দক্ষিণ শহরতলিতে মৃত্যু হয়েছে আরো ৬১ জনের।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি এ ঘটনাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে ইসরাইল বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরাইলে সব ধরনের হামলা স্থগিত রেখেছে। তবে হিজবুল্লাহর এ ঘোষণার পরও ইসরাইলি বিমান বাহিনী মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননে ১০০টি নিশানায় বিমান হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ভাতিজাকে হত্যা করেছে। বুধবার রাতে লেবাননের বৈরুতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।

লেবাননের সঙ্গে সরাসরি কথা বলতে প্রস্তুত ইসরাইল : নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী। লেবাননে ধ্বংসযজ্ঞ চালিয়ে শত শত মানুষ হত্যার একদিন পর এ কথা জানালেন নেতানিয়াহু। তিনি বলেন, লেবাননের বারবার অনুরোধের পর আমি আমার মন্ত্রিসভাকে তাদের সঙ্গে যতদ্রুত সম্ভব সরাসরি কথা বলার জন্য নির্দেশনা দিয়েছি। গতকাল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় বিজ্ঞপ্তিতে এ তথা জানায়।

আমাদের আঙুল ট্রিগারেই আছে : মাসুদ পেজেশকিয়ান

লেবাননে ইসরাইলের হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান কখনো লেবানিজদের ছেড়ে যাবে না। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা অব্যাহত রাখে, তাহলে সামনের আলোচনা অর্থহীন হয়ে উঠবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে আলোচনা নিরর্থক হয়ে পড়বে। আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। ইরান কখনোই তার লেবানিজ ভাইবোনদের একা ফেলে যাবে না। তিনি বলেছেন, ইরানের মিত্র হিসেবে লেবানন এ যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ।

ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরাইলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে গতকাল ভোরে উত্তর ইসরাইল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, আমাদের দেশ ও জনগণের ওপর ইসরাইলি-মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত পাল্টা জবাব অব্যাহত থাকবে।

ইসলামাবাদ বৈঠকে দুপক্ষে থাকছেন যারা

অনিশ্চয়তার মধ্যেও যুদ্ধবিরতি স্থায়ী করতে আগামীকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। ইসলামাবাদে অনুষ্ঠেয় বৈঠকে মার্কিন প্রতিনিধিদলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানি প্রতিনিধিদলের আরেক প্রভাবশালী মুখ পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। এদিকে, বৈঠক ঘিরে ইসলামাবাদে দুদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মূলত নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, দুদেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক নিরাপত্তা-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন তারা।

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

এদিকে, ইরানে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেহরান ‘প্রকৃত চুক্তি’ পুরোপুরি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমেরিকার সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, চুক্তি লঙ্ঘন হলে এমন ভয়াবহ হামলা করা হবে, যা আগে কখনো কেউ দেখেনি।

ট্রাম্প তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যতক্ষণ না স্বাক্ষরিত প্রকৃত চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী ইরানের ভেতর ও তার আশপাশে অবস্থান করবে।

ইরানে নিহতের সংখ্যা তিন হাজারের বেশি

ইরানের ফরেনসিক কর্তৃপক্ষের প্রধান আব্বাস মাসজেদি আরানি বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় ইরানে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের এক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, নিহতদের প্রায় ৪০ শতাংশের লাশ শুরুতে শনাক্ত করা যায়নি। বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে ফরেনসিক দলগুলো লাশ প্রক্রিয়াজাতকরণ ও শনাক্তের কাজ অব্যাহত রেখেছে।

খামেনি নিহতের ৪০তম দিনে ইরানজুড়ে সমাবেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ৪০তম দিনে গতকাল দেশটির নাগরিকরা রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ করেছেন। আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে তারা এ সমাবেশে অংশ নেন। শিয়া মতাবলম্বীরা মৃত্যুর ৪০তম দিনকে মৃত ব্যক্তির আত্মার পরিপক্বতা ও শোকাবস্থার সমাপ্তি হিসেবে বিবেচনা করেন। সমাবেশে খামেনির প্রতিকৃতিসংবলিত ব্যানারও প্রদর্শন করা হয়।

হরমুজ পার হতে প্রতি ব্যারেলে এক ডলার টোল

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ পার হবে, তাদের আগে থেকেই টোল পরিশোধ করতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। এ টোল ক্রিপ্টো কারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে দিতে হবে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তি চলা পর্যন্ত এভাবে টোল আদায় হবে। অপরদিকে প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ইরানকে এক ডলার করে দিতে হবে বলে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ইরানের এক বাণিজ্য প্রতিনিধি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...