বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলা, ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

বরিশাল অফিস

বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলা, ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে হাজারো মানুষের ঢল

বরিশালের বাবুগঞ্জে দুদিনের বৈশাখী মেলা ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়েছে। গতকাল শনিবার উপজেলার চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে গত শুক্রবার এ মেলা শুরু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বৈশাখী মেলা উপলক্ষে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আশপাশের গ্রামগুলোয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আত্মীয়স্বজন, মেয়ে-জামাতাদের দাওয়াত দিয়ে অনেকে একত্রিত হন এ আয়োজনে। ঘোড়দৌড় দেখতে বিভিন্ন উপজেলা থেকেও আসেন দর্শনার্থীরা। ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক প্রদর্শনী, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান; যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ জোগায়।

সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল সত্তার হাওলাদার প্রায় ৪০ বছর আগে ইউনিয়নে পোস্ট অফিস বাজার প্রতিষ্ঠা করেন। সে ধারাবাহিকতায় স্থানীয়রা প্রতি বছর এখানে বৈশাখী মেলার আয়োজন করে আসছেন। তবে রাজনৈতিক অস্তিরতার কারণে গত দুই বছর এ বাজারে বৈশাখী মেলা বন্ধ ছিল। চলতি বছর আবার এ ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচটি ঘোড়া। কে কাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, তা নিয়ে ছিল তীব্র প্রতিযোগিতা। হাজার হাজার দর্শকের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

মেলা আয়োজক কমিটির সদস্য ও যুবদল নেতা আরিফুর রহমান ইরান বলেন, এ মেলাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরো দৃঢ় হয়। দুই বছর পর মেলা শুরু হওয়ায় মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে, বিশেষ করে ঘোড়দৌড় দেখতে কয়েক হাজার মানুষ জড়ো হন।

বরিশাল বিমানবন্দর থানার ওসি আল মামুনুল ইসলাম বলেন, বিমানবন্দর থানার কাছাকাছি চাঁদপাশা ইউনিয়নের পোস্ট অফিস বাজারের ঐতিহ্যবাহী এ মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে। মেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল অব্যাহত ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...