চট্টগ্রামের কোতোয়ালিতে এস এ পরিবহনের একটি শাখা থেকে ডিবি পুলিশের সদস্য পরিচয়ে তিনটি পার্সেল হাতিয়ে নেওয়ার সময় পুলিশের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই পুলিশ সদস্যের নাম কৃষাণ বড়ুয়া। তিনি কুমিল্লা জেলা পুলিশে কর্মরত বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানান, প্রতারণার একটি মামলায় কৃষাণ বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার কর্মস্থল কুমিল্লায়। তবে তার সম্পূর্ণ নাম ও ঠিকানা জানতে কুমিল্লা সিটি এসবিতে চিঠি পাঠানো হয়েছে। চিঠির জবাব পেলে বিস্তারিত পরিচয় জানা যাবে। আজই তাকে প্রতারণার মামলায় আদালতে পাঠানো হচ্ছে।
এস এ পরিবহন সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে নগরীর নূর আহমদ সড়কে অবস্থিত কুরিয়ার প্রতিষ্ঠান এস এ পরিবহনের কাজির দেউড়ি শাখায় আসেন কৃষাণ বড়ুয়া। এ সময় তিনি নিজেকে চান্দগাঁও থানার ডিবি পুলিশের এসআই নিলয় পরিচয় দিয়ে গ্রাহকের তিনটি পার্সেলে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন। একপর্যায়ে তিনি পার্সেলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এর দুই-তিন মাস আগেও একই ব্যক্তি এসবি পরিচয়ে কয়েকটি পার্সেল নিয়ে গিয়েছিলেন। এবার বিষয়টি নিয়ে এস এ পরিবহন কর্মকর্তাদের সন্দেহ হলে তারা তাকে আটকে রাখেন। পরে থানায় খবর দেওয়া হলে কোতোয়ালি থানা পুলিশের একটি দল এসে তাকে গ্রেপ্তার করে।
এস এ পরিবহনের জিএম মোরশেদ আলম বলেন, ‘ডিবি পুলিশের সদস্য পরিচয়ে তিনি আমাদের কাছে আসেন এবং নিজেকে এসআই নিলয় হিসেবে পরিচয় দেন। তিনটি পার্সেলে অবৈধ জিনিসপত্র রয়েছে দাবি করে তিনি সেগুলো জব্দ করার কথা বলেন। এর দুই-তিন মাস আগেও তিনি এসআরবি পরিচয়ে কয়েকটি পার্সেল হাতিয়ে নেন। গতকাল রাতে সন্দেহ হলে আমরা তাকে আটকে রাখি এবং পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

