পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি মেহগনি গাছ কাটতে গিয়ে নিচে চাপা পড়ে রুবেল জোমাদ্দার (২৮) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা ২য় খণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল জোমাদ্দার ওই গ্রামের বজলু জোমাদ্দারের ছেলে। তিনি মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মনির মজুমদার।
নিহতের বড় ভাই আল আমিন জোমাদ্দার জানান, সোমবার বেলা দুইটার দিকে রুবেল তাঁর বাবার সঙ্গে বাড়ির পাশের বাগানে একটি মেহগনি গাছ কাটতে যান। গাছটি কাটার পর মাটিতে পড়ার সময় অসাবধানতাবশত রুবেলের মাথায় আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নথুল্লাবাদ এলাকায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোখলেচ বলেন, ‘রুবেল জোমাদ্দার সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি আমাদের একজন রাজপথের সহযোদ্ধা ছিলেন।’
মির্জাগঞ্জ থানার ওসি তৌহিদুজ্জামান জানান, ‘মাধবখালী ইউনিয়নে গাছ কাটতে গিয়ে রুবেল জোমাদ্দার নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
এদিকে, মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর এই অকালমৃত্যুতে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

