তিন সন্তান নিয়ে রাজিয়ার মানবেতর জীবনযাপন

এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)

তিন সন্তান নিয়ে রাজিয়ার মানবেতর জীবনযাপন
ফাইল ছবি

চরফ্যাশনে তিন সন্তান ও অসুস্থ স্বামীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রাজিয়া বেগম। সরকারিভাবে কোনো সাহায্য-সহযোগিতা দীর্ঘদিনেও জোটেনি অসহায় পরিবারটির ভাগ্যে। এতে অর্ধাহার-অনাহারে দিন কাটছে পরিবারটির। জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার রাজিয়া বেগম অসুস্থ স্বামী মোছলেউদ্দিন এবং দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নেই নিজেদের কোনো জমি, নেই মাথা গোঁজার মতো একটি ঘর। বাধ্য হয়ে অন্যের ঘরের বারান্দায় সন্তানদের নিয়ে রাত কাটাতে হচ্ছে তাদের।

উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া বেগম বর্তমানে ৯ নম্বর ওয়ার্ডে ভুট্টু মিয়ার বসতঘরের পেছনের একটি বারান্দায় স্বামী-সন্তানদের নিয়ে বসবাস করছেন। দিন শেষে রাত নামলেই সন্তানদের নিয়ে কোথায় মাথা গুঁজবেন, সে দুশ্চিন্তায় থাকতে হয় তাকে। অনেক সময় বিভিন্ন মানুষের কটু কথা সহ্য করেও সামান্য একটু জায়গায় রাত কাটাতে হয় পরিবারটিকে।

বিজ্ঞাপন

রাজিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামী মোছলেউদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। অসুস্থতার কারণে ঠিকমতো কাজ করতে পারেন না। একসময় তাদের নিজের জমি ও বসতভিটা ছিল। কিন্তু সংসারের অভাব আর স্বামীর চিকিৎসার খরচ জোগাতে বাধ্য হয়ে পৈতৃক ভিটাবাড়ি বিক্রি করে দেন। এরপর থেকেই শুরু হয় তাদের দুর্বিষহ জীবন।

তিনি আরো বলেন, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটান। নিজের একটি ঘর থাকলে সন্তানদের নিয়ে একটু শান্তিতে থাকতে পারতেন। মানুষের কটু কথা শুনতে হতো না।

রাজিয়া বেগম আরো বলেন, ‘অতীতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও তাদের ভাগ্যে কিছু জোটেনি। এখন কোনো উপায় না দেখে সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি এবং প্রবাসীদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি ।’ তার বিশ্বাস, কোনো মানবিক মানুষ এগিয়ে এলে আবার হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবেন তিনি ও তার পরিবার।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন বলেন, বিষয়টি জেনেছি। আমরা এটি গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত সরেজমিন যাচাই-বাছাই করে দেখা হবে। পরিবারটি যদি প্রকৃতপক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত হয়ে থাকে, তাহলে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন