বিয়ের বাস-ইজিবাইক সংঘর্ষ নিহত ১, আহত ৩০

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বিয়ের বাস-ইজিবাইক সংঘর্ষ নিহত ১, আহত ৩০

‎বিয়ের বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে পিরোজপুরে ১ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তি পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে আব্দুল হান্নান হাওলাদার (৫৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

‎‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার একটি বৌভাত অনুষ্ঠান শেষে মেয়ে পক্ষের স্বজনরা একটি বাসে সদরের দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে বাসটির সংঘর্ষ হলে

বাসটি রাস্তার উপর উল্টে যায়। ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।

‎পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আমরা ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর চারজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন