পিরোজপুরের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন মেরামত ও সংস্কার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, চিকিৎসা সেবার নামে সাধারণ মানুষদের হয়রানি করা বন্ধ করতে হবে। সু-চিকিৎসার নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা জনগণের সেবক তাই তাদের সেবা দেওয়াটাই আমাদের মূলকাজ।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এমপি মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানসহ উপজেলা কর্মকর্তা এবং হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসকগণ জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সংস্কারের কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এই উপজেলাকে সবচেয়ে অবহেলিত করে রেখেছিল শুধুমাত্র জিয়ানগর নাম থাকার কারণে। তাদের সেই প্রতিহিংসা থেকে রক্ষা পায়নি এই স্বাস্থ্য কমপ্লেক্সটিও। তিনি ডাক্তার এবং নার্সদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগণের সেবা দিবেন রোগীদের ভালো চিকিৎসা দিবেন তাহলে আমরাও আপনাদের পাশে সকল ধরনের সুযোগ-সুবিধা নিয়ে দাঁড়াবো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল রায়ের সভাপতিত্বে এ সময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মতিউর রহমান, স্বাস্থ্য প্রকৌশলী তানজিলা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান।
এ সময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সাঈদীপুত্র নাসিম সাঈদী, উপজেলা জামায়াতের সাবেক আমির মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহিদুল ইসলাম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

