বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় এক খাদেম নিহত হয়েছেন। নিহতের নাম মো. নুরুল হক মৃধা (৬৫)। তিনি ছারছিনা পীর সাহেব নির্মিত আমড়াগাছিয়া সালেহিয়া কমপ্লেক্সের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
সোমবার ভোর পৌনে ৬টার দিকে কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা রাস্তার পাশে দাঁড়িয়ে হাদিয়া সংগ্রহ করছিলেন। এ সময় পটুয়াখালী থেকে কুয়াকাটাগামী একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক বাসটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

