মতবিনিময় সভায় আসলাম চৌধুরী

বড় নেতারা ভুল করলেও তৃণমূল কখনও বেইমানি করে না

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

বড় নেতারা ভুল করলেও তৃণমূল কখনও বেইমানি করে না

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংগঠনের প্রকৃত শক্তি তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ, ধৈর্য ও সংগ্রামের মধ্যেই নিহিত। বড় নেতারা ভুল করলেও তৃণমূল কখনও বেইমানি করে না।

শুক্রবার বিকেলে সীতাকুণ্ড উপজেলায় নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আসলাম চৌধুরী বলেন, তৃণমূলের ওপর ভরসা করেই কেন্দ্র শেষ মুহূর্তে ধানের শীষ প্রতীক আমি আসলাম চৌধুরীকে দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের প্রতিটি পর্যায়ে তৃণমূলের অবদানই নেতৃত্বকে টিকিয়ে রেখেছে এবং শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, আন্দোলন করতে হলে আসলামের মতো করো, এটি তৃণমূলের প্রতি আস্থা ও মূল্যায়নের প্রতিফলন।

তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জিত না হওয়ার পেছনে সাংগঠনিক দুর্বলতা একটি বড় কারণ। দুর্বলতাগুলো চিহ্নিত না করলে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ আসতে পারে বলেও তিনি সতর্ক করেন।

তিনি সংগঠনের অভ্যন্তরে আত্মসমালোচনা, বিশ্লেষণ এবং কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সফল রাজনৈতিক আন্দোলনের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সুসংগঠিত কৌশল গ্রহণের আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রতিপক্ষ যেভাবে সাধারণ বিষয়কেও সাংগঠনিক শক্তিতে রূপ দেয়, তেমনি জনগণের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। সামাজিক ও ধর্মীয় পরিসরে সক্রিয় উপস্থিতি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনসম্পৃক্ততা বাড়লেই সংগঠন আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, গত দেড় দশকেরও বেশি সময় ধরে সীতাকুণ্ডে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসময় বহু নেতাকর্মী মামলা, হামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেন।

সভায় আরও বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সভাপতি হাসান জসিম, উত্তর জেলা যুবদল সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা। এছাড়াও সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৯০টি ওয়ার্ডের নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা যুবদলের বর্তমান কাঠামো বহাল রেখে আংশিক নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। সভাপতি ফজলুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক খোরশেদ স্বেচ্ছায় দায়িত্ব থেকে অবসর গ্রহণের পর এবং পরবর্তীতে বিএনপিতে যোগদানের করায় নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শাহাবুদ্দিন রাজুকে সভাপতি এবং মোহাম্মদ ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন