ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে মামলার বাদী, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মশিউর রহমান সাক্ষ্য দেন। এদিন গ্রেপ্তার থাকা ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী তারিখ ২১ এপ্রিল নির্ধারণ করেন।
এর আগে গত ১১ মার্চ মামলাটিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই সঙ্গে ৫ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছিল। মামলার অভিযোগপত্র চলতি বছরের ৭ জানুয়ারি আদালত গ্রহণ করেন। তদন্ত শেষে দুদক মোট ৩৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে, যেখানে সাবেক মন্ত্রীর স্ত্রী, ভাই-বোনসহ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের একাধিক কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়। মামলায় ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের এক কর্মকর্তাকে ব্যবসায়ী পরিচয়ে ভুয়া একটি প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’ গঠন করে ব্যাংক হিসাব খোলা হয়। পরে আমদানির নাম করে টাইম লোন নেওয়া হলেও যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ঋণ অনুমোদন দেওয়া হয়। সেই অর্থ পরে চারটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করে নগদে উত্তোলন করা হয় এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়।
পাচার করা অর্থ দিয়ে বিদেশে সম্পত্তি ক্রয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে সমন্বয় করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে এই আত্মসাতের ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

